প্রতিবছর বিবাহের দিন স্ত্রীকে উপহার দেয়া
প্রশ্ন
প্রতি বছর বিবাহের দিন স্বামী স্ত্রীকে কিছু উপহার দিলে এবং ঘরের লোকদের জন্য ভাল খাবারের ব্যবস্থা করলে সেটা জায়িয কি-না?
উত্তর
স্ত্রী ও ছেলেমেয়েকে খাওয়া-দাওয়া ও পোষাক-পরিচ্ছেদ ইত্যাদি দেয়ার ব্যাপারে দুটি অবস্থা হয়ে থাকে। (১) প্রয়োজন অনুপাতে দেয়া (২) প্রয়োজনাতিরিক্ত দেয়া।
নিজ সঙ্গতি অনুপাতে প্রয়োজন অনুযায়ী দেয়া হল একান্ত কর্তব্য এবং যখন প্রয়োজন হয় তখনি দিতে হবে। এর জন্য প্রয়োজনের সময়টাই হল সেগুলো তাদেরকে দেয়ার নির্ধারিত সময়।
আর প্রয়োজনাতিরিক্ত দেয়া হল তাবাররু বা হাদিয়া। তাবাররু বা হাদিয়ার জন্য নির্ধারিত কোন ওয়াক্ত বা সময় নেই; বরং তা যে কোন সময় দেয়া যেতে পারে।
কাজেই এখন উল্লেখিত প্রশ্নে বর্ণিত সূরতে স্বামী বা পিতার সঙ্গতি থাকা অবস্থায় যদি স্ত্রী বা সন্তানের প্রয়োজন হওয়া সত্ত্বেও তা না দিয়ে বিবাহ বা জম্মদিনের অপেক্ষা করে, তাহলে তা জায়িয হবে না।
এমনিভাবে উক্ত জিনিস যদি প্রয়োজনাতিরিক্ত হয়, তা হলে তা হাদিয়া হবে। আর হাদিয়ার জন্য কোন দিনকে নির্ধারিত করা অনুচিত। কাজেই তা থেকে বেঁচে থাকা একান্ত কর্তব্য। মোদ্দাকথা, এগুলো বদ-রুসুম। এসব থেকে বেঁচে থাকা জরুরী।
[প্রমাণঃ ফাতওয়া মাহমূদিয়া, ৬: ১৪৫/ ৪৬, তাবলীগুল হক্ব, ৮৯৭]