টাকা ভাঙ্গিয়ে কিছু নগদ ও কিছু পরে নেয়া

মুফতী মনসূরুল হক সাহেব১২ আগস্ট, ২০২৫লেনদেন কামাই রোজগার

প্রশ্ন

টাকা ভাঙ্গানোর সময় অনেক ক্ষেত্রে লেন-দেন পূর্ন হয় না। অর্থাৎ, যিনি খুচরা করে দিচ্ছেন, তিনি হয়ত সম্পূর্ন টাকা এক সঙ্গে দিতে পারেন না। কিছু টাকা পড়ে নিতে বলেন। খুচরা টাকা অনেক সময় খুব জরুরী হয়ে পড়ে। এখন প্রশ্ন হলো, এ ধরনের লেন-দেনের মধ্যে কোন অসুবিধা আছে কি?

উত্তর

শরী‘আতের দৃষ্টিতে খুচরা ভাঙ্গানোও এক প্রকার টাকা-পয়সার বেচা-কেনা। সুতরাং, তা জায়েয হতে হলে, টাকা ভাঙ্গানোর সময় খুচরা টাকা পূর্নটাই একই মজলিসের মধ্যে পরিশোধ করা জরুরী। নতুবা কিছু বাকী থাকার কারণে এই লেন-দেন অবৈধ-নাজায়েয গন্য হবে। তবে উক্ত লেন-দেন বৈধ করার জন্য একটা পদ্ধতি এই অবলম্বন করা যেতে পারে যে, উক্ত নোটটি খুচরা দাতার নিকট আমানত রাখবে এবং তার নিকট যে পরিমাণ খুচরা আছে, (যা ঐ নোটের চেয়ে কম) তা ঋণ হিসাবে নিয়ে নিবে। পরে সুযোগ মত ঋণ পরিশোধ করে আমানত ফিরিয়ে নিবে। ২য় আরেকটি পদ্ধতি হল, শুরুতেই খুচরা দাতা যে পরিমাণ খুচরা দিতে পারবে, সেই পরিমাণের মধ্যে লেন-দেন স্থির করবে এবং নোটের অবশিষ্ট টাকা খুচরা দাতার নিকট আমানত রাখবে। (হিদায়া ৩:৮৮ # ফাতাওয়ায়ে শামী ৫;২৫৭)

টাকা ভাঙ্গিয়ে কিছু নগদ ও কিছু পরে নেয়া | ইসলামী যিন্দেগী