অনৈসলামিক এনজিওর নিকট জমি বিক্রয় ও এসব এনজিওতে চাকুরী করা

মুফতী মনসূরুল হক সাহেব১২ আগস্ট, ২০২৫লেনদেন কামাই রোজগার

প্রশ্ন

কোন অনৈসলামিক এনজিওর (যেমন, ব্রাক, আশা, প্রশিকা ইত্যাদি) নিকট জমি বিক্রয় করা বৈধ কি-না? তেমনিভাবে এনজিওতে চাকুরী করা বা তাদেরকে কোন প্রকার সহযোগিতা করা বৈধ হবে কি-না?

উত্তর

একথা মনে হয় আর নতুন ভাবে বলার অপেক্ষা রাখে না যে, বর্তমানে বাংলাদেশে এনজিওরা সেবার নামে এদেশের ধর্মপ্রান নিরীহ মুসলমানদেরকে ধোকা দিয়ে তাদের ঈমান ও স্বাধীনতা হরণ করার চেষ্টায় লিপ্ত। সুতরাং এমতাবস্থায়ও যদি কেউ অনৈসলামিক কোন এনজিওর নিকট জমি বিক্রি করেন অথবা বাড়ী ভাড়া দেন তাহলে এর অর্থ হচ্ছে ইসলাম বিরোধী ষড়যন্ত্রের কাজে তাকে সহায়তা করা। অথচ আল্লাহপাক পবিত্র কুরআনে অন্যায় কাজে সহযোগিতা করতে স্পষ্ট ভাবে নিষেধ করেছেন। সুতরাং কোন মুসলমানের জন্য অনৈসলামিক এনজিওর নিকট বাড়ী ভাড়া দেয়া বা জমি বিক্রয় করা জায়েয হবে না।

এসব এনজিওতে চাকুরী করা বা কোন রকম সহযোগিতা করাও জায়েয হবে না। তবে পূর্ব থেকে কেউ চাকুরীরত থাকলে এবং তার জীবিকা নির্বাহ উক্ত চাকুরীর উপরই নির্ভরশীল হলে সেক্ষেত্রে অন্য কোন বৈধ চাকুরী পাওয়ার পূর্ব পর্যন্ত উক্ত চাকুরী করা যেতে পারে। সাথে সাথে ইস্তিগফার ও হালাল জীবিকা উপার্জনের অন্য কোন পন্থা খুঁজতে থাকবে। অন্য কোন ব্যবস্থা হলেই অনৈসলামিক এনজিও এর চাকুরী ছেড়ে দিবে। (প্রমাণঃ সূরা মায়িদাহঃ ২)

অনৈসলামিক এনজিওর নিকট জমি বিক্রয় ও এসব এনজিওতে চাকুরী করা | ইসলামী যিন্দেগী