তালাক দেয়ার পর একত্রে বসবাস করা

মুফতী মনসূরুল হক সাহেব৩ ফেব্রুয়ারি, ২০২৫বিবাহ তালাক

প্রশ্ন

জনৈক শিক্ষিত ব্যক্তি তার স্ত্রীকে লিখিতভাবে তালাক দেয়ার পর তারা উভয়ে একত্রে বসবাস করছে এবং যৌন সম্ভোগও করছে। এ ব্যাপারে শরী‘আতের বিধান কি?

উত্তর

কোন ব্যক্তি যদি তার স্ত্রীকে লিখিতভাবে তালাক প্রদান করে, তাহলে স্ত্রীর উপর তালাক পতিত হয়ে যাবে। স্বামী যে কয় তালাক দিবে, স্ত্রীর উপর ঐ ক’ তালাকই অর্থাৎ এক/ দুই/ তিন তালাক পতিত হবে। আর স্বামী যদি তালাকের সংখ্যা উল্লেখ না করে, শুধু তালাক শব্দ লিখে দেয়, তাহলে স্ত্রীর উপর এক তালাক পতিত হবে।

এখন তালাকের হুকুম লক্ষ্য করুন

(ক) যদি এক তালাক বা দুই তালাক দেয় এবং উক্ত তালাকের সাথে বায়িন ইত্যাদি শব্দ সংযুক্ত না করে, তাহলে স্ত্রীকে ইদ্দতের ভিতর মৌখিকভাবে গ্রহণ করলেই চলবে। বিয়ে দোহরানো বা হালালা করার প্রয়োজন হবে না। তবে ইদ্দত চলে গেলে, বিয়ের সকল শর্তসহ বিয়ে দোহরানো জরুরী।

উল্লেখ্য, বর্ণিত এক তালাক বা দুই তালাক জমা থাকবে। এখন স্ত্রীকে নিয়ে ঘর-সংসার করতে গিয়ে ভবিষ্যতে আর কখনো তালাক দিলে এ তালাক সেই এক/ দুই তালাকের সাথে সংযুক্ত হবে এবং তার হুকুম বর্নিত হবে।

(খ) উক্ত এক তালাক বা দুই তালাকের সাথে যদি বায়িন বা এ ধরণের কোন শব্দ যোগ করে, তাহলে স্ত্রীর উপর এক/ দুই তালাকে বায়িন পড়বে এবং সেক্ষেত্রে ইদ্দতের ভিতরে বা পরে স্ত্রীর সম্মতিক্রমে সকল শর্তসহ বিয়ে দোহরানো ছাড়া স্ত্রীকে গ্রহণ করার কোন পথ নেই।

(গ) আর যদি স্ত্রীকে তিন তালাক দিয়ে ফেলে, চাই এক সাথে বা আলাদা করে বলুক এবং চাই উক্ত তালাকের সাথে বায়িন বলুক বা নাই বলুক, তার স্ত্রীর উপর তিন তালাক মুগাল্লাযা পড়ে যাবে।উক্ত স্ত্রী তার জন্য সম্পূর্ণরূপে হারাম হয়ে যাবে।শর‘ঈ হালালা ব্যতীত উক্ত স্ত্রীকে গ্রহণ করার আর কোন পথ নেই। [প্রমাণঃ ফাতওয়া দারুল উলূম, ৯:১৭১]

তালাক দেয়ার পর একত্রে বসবাস করা | ইসলামী যিন্দেগী