পানির ভিতরের মাছ বিক্রি ও তার বিক্রয় লদ্ধ টাকা

মুফতী মনসূরুল হক সাহেব১২ আগস্ট, ২০২৫লেনদেন কামাই রোজগার

প্রশ্ন

বিলের মধ্যস্থিত খাদ অথবা পুকুরের পানিতে রেখে মাছ বিক্রয় করা হলে, শরী‘আতের দৃষ্টিতে তা বৈধ হবে কি? যদি তা-বৈধ না হয়, তাহলে উক্ত মাছের বিক্রয়লদ্ধ টাকা সম্পর্কে শরী‘আতের বিধান কি?

উত্তর

বিলের খাদ অথবা পুকুরের পানিতে রেখে মাছ বিক্রি করার যে নিয়ম আমাদের দেশে প্রচলিত আছে, এটা শরী‘আতের দৃষ্টিতে জায়েয নয়। কেননা, পুকুরের পানিতে বিক্রিত মাছের পরিমাণ সম্পর্কে অনুমানভিত্তিক ধারণা হলেও নিশ্চিতরপে উক্ত বিষয় সম্পর্কে অবগত হওয়া যায় না। অথচ বিক্রিত মাছের পরিমাণ, প্রকারভেদ ইত্যাদি বিষয় সম্পর্কে ক্রেতার জন্য আগেই নিশ্চিত হওয়া, ক্রয়-বিক্রয় শুদ্ধ হওযার পূর্বশর্ত। সুতরাং, বিলের খাদ অথবা পুকুরের মাছ পানিতে রেখে বিক্রয় করা জায়েয হবে না এবং ইচ্ছাকৃতভাবে কেউ এমন কাজ করলে গুনাহগার হবে ।

সুতরাং, সেই অবস্থায় বিক্রিত পণ্য মজুদ থাকলে তা ফেরত দিয়ে মূল্য ফেরত নেয়া জরুরী। কিন্তু যদি পন্য ক্রেতার নিকট মজুদ না থাকে অথবা ক্রেতা তা ফেরত দিতে অস্বীকার করে তাহলে বিক্রেতার জন্য উক্ত টাকা হালাল হবে। অবশ্য ভুলের জন্য তাওবা করা জরুরী ।

উল্লেখ্য সে, পুকুরের মাছ বিক্রির সঠিক পদ্ধতি হচ্ছে, প্রথমে জেলে দ্বারা মাছগুলো ধরার ব্যবস্থা করতে হবে। অতঃপর মূল্য নির্ধারণ করে যে কোন ব্যক্তির নিকট তা বিক্রি করতে পারবে।

পানির ভিতরের মাছ বিক্রি ও তার বিক্রয় লদ্ধ টাকা | ইসলামী যিন্দেগী