ছোট ভাইয়ের কাছে ঋণী হলে ঋণ পরিশোধ করা

মুফতী মনসূরুল হক সাহেব১৩ আগস্ট, ২০২৫লেনদেন কামাই রোজগার

প্রশ্ন

আমার এক আত্মীয় অনেকদিন আগে তার সহোদর ছোট ভাইয়ের নিকট থেকে কিছু টাকা ধার নিয়েছিল। কিন্তু কোন শর্ত ছিল না। টাকাগুলো অনেক দিন হয়ে যাওয়ার পরও পরিশোধ করা হচ্ছে না। এমনকি বড় ভাই এর স্ত্রী পুত্রগণ বলতেছে যে, তাকে বড় ভাই শিশুকাল থেকে লালন-পালন করেছে, সেহেতু তার পাওনা টাকা না দিলেও চলবে। এখানে উল্লেখ যে, ছোট ভাই- বোনদের লালন-পালন বড় ভাই করেছে কারণ তাদের মা-বাবা ছিল না। প্রশ্ন হল- ঐ ধার করা টাকা বড় ভাইয়ের পরিশোধ করা কর্তব্য নয় কি?

উত্তর

প্রশ্ন বর্ণিত তার সহোদর ভাই থেকে কিছু টাকা ধার নিয়েছিল উল্লেখিত কথা দ্বারা এটাই প্রমাণ হয় যে, বড় ভাই ছোট ভাই এর কাছে ঋণী। আর প্রত্যেক ঋণী ব্যক্তির জন্য ঋণ পরিশোধ করা জরুরী। কেননা ঋণ এটা বান্দার হক, বান্দা মাফ না করা পর্যন্ত আল্লাহ পাক মাফ করবেন না। হাদীস শরীফে বর্ণিত রয়েছে, রাসুলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন, “শহীদদের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন কিন্তু ঋণ বা বান্দার হক মাফ করবেন না”।

সুতরাং ,বড় ভাইয়ের জীবিত থাকাবস্থায় ছোট ভাইয়ের ঋণ পরিশোধ করা জরুরী, জীবিত অবস্থায় পরিশোধ না করে যেতে পারলে ওসিয়্যত করে যাওয়া ওয়াজিব।

উল্লেখ্য, ছোট ভাইকে বড় ভাই বাল্যকালে তার প্রতি যে ইহসান করেছে এখন চাপ সৃষ্টি করে সেই ইহসানের বদলা নেওয়া উচিত নয় । তবে ছোট ভাই যদি বড় ভাইকে যিনি বাবা সমতুল্য তার খিদমতের নিয়্যতে সম্পূর্ণ ঋণ বা কিছু অংশ ছেড়ে দেন, তাহলে তিনি বিরাট সাওয়াবের অধিকারী হবেন। তবে এটা সম্পূর্ণ তার নিজের ব্যাপার। (প্রমাণঃ তিরমিযী শরীফ ১:৩০১ #হিদায়া, ৪:৬৪২ #কাওয়ায়িদুল ফিকহ ১:২৯৬)

ছোট ভাইয়ের কাছে ঋণী হলে ঋণ পরিশোধ করা | ইসলামী যিন্দেগী