কিস্তি আদায়ে দেরী করলে

মুফতী মনসূরুল হক সাহেব১২ আগস্ট, ২০২৫লেনদেন কামাই রোজগার

প্রশ্ন

আমাদের একটি সমিতি থেকে কোন মালের মূল্য কিস্তিতে আদায় করার ভিত্তিতে বাকীতে বিক্রয় করা হয়। অনেক সময় দেখা যায় কিস্তি ঠিক মত আদায় করে না। ২/৩ মাস দেরী করে ফেলে। এতে করে সমিতি ক্ষতিগ্রস্থ হয়। এখন দেরী বন্ধে কোন ধরণের ব্যবস্থা নেয়া যায়?

উত্তর

অনাদায়ী কিস্তিগুলোতে নতুনভাবে লাভ কিংবা জরিমানা নেওয়া যাবে না। বরং যারা প্রকৃত সংকটের কারণে সময়মত কিস্তির টাকা পরিশোধ করতে পারছে না তাদেরকে সংকট শেষ হওয়া অবধি সুযোগ দেওয়া আপনাদের জন্য কর্তব্য। আর যারা বিনা কারণে সময় মত পরিশোধ করে না তাদের উপর সামাজিক ভাবে বৈধ কোন চাপ প্রয়োগ করে তাদের থেকে টাকা আদায় করা যাবে।

অবশ্য সক্ষম হয়েও সময়মত কিস্তি পরিশোধে অবহেলার পথ বন্ধ করার উদ্দেশে নিম্নোক্ত পদ্ধতি গ্রহণ করতে পারেন। সমিতির তত্ত্বাবধানে একটা কল্যাণ ফান্ড তৈরী করতে পারেন। যে ফান্ড সমিতির মালিকানায় গণ্য হবে না। যখন কারো নিকট মাল বিক্রয় করবেন তখন তাদের থেকে লিখিত নিয়ে নিবেন-সে যদি ঠিক মত কিস্তির টাকা পরিশোধ না করে তাহলে এ পরিমাণ টাকা কল্যাণ ফান্ডে জমা দিতে হবে। পরবর্তীতে কিস্তি পরিশোধে দেরী করলে কল্যাণ ফান্ডে টাকা জমা দিয়ে দিবে। সে ফান্ড থেকে দুঃস্থ মানবতার সেবা করা হবে। (সূরা বাকারাঃ ২৮০, ফিকহী মাকালাত ১:১২৯-১৩০)

কিস্তি আদায়ে দেরী করলে | ইসলামী যিন্দেগী