কাবিন রেজিষ্ট্রি ও উকিল বাবার হুকুম
প্রশ্ন
আমাদের দেশের বিয়েতে যে কাবিন রেজিষ্ট্রি করা হয়, এটা কতটুকু শরী‘আত সম্মত? শরী‘আতে কাবিন রেজিষ্ট্রি করার কোন নিয়ম আছে কিনা? অনেক জায়গায় দেখা যায়, বিবাহের সময় উকিল বাবা বানায় এবং বিবাহের পর উক্ত উকিল বাবার সাথে মেয়ে বে-পর্দাভাবে দেখা সাক্ষাত করে এটা শরী‘আতে জায়েয হবে কিনা?
উত্তর
শরী‘আতের দৃষ্টিতে বিবাহের সময় সরকারী রেজিষ্ট্রারে কাবিন রেজিষ্ট্রি করা বা বিবাহের বিস্তারিত বিষয়বস্তু লিপিবদ্ধ করে রাখা জরুরী কিছু নয়। শুধু কেবল স্বাক্ষীদের উপস্থিতিতে মহর ধার্য করে ইজাব-কবুলের দ্বারাই বিবাহ সহীহ হয়ে যায়। তবে রাষ্ট্রীয় আইন হিসাবে অথবা অন্য কোন প্রয়োজনে কাবিন রেজিষ্ট্রি করা জায়েয আছে। শরী‘আতে এতে কোন নিষেধ নেই [ প্রমাণঃ ফাতাওয়া দারুল উলূম,৭:৮৫ #মাহমূদিয়া, ৩:২৫৭ #ইমদাদুল মুফতীনঃ ৫২৫ #আল বাহরুর রায়িক ৩:৭৮]
বিবাহের সময় ছেলে বা মেয়ের পক্ষে থেকে উকিল নিয়োগ করা জরুরী নয়। বরং মেয়ের ওলী মেয়ের সম্মতিক্রমে মেয়ের পক্ষে থেকে স্বাক্ষীদের উপস্থিতিতে মহর ধার্য করতঃ ছেলের নিকট বিবাহের প্রস্তাব দিলে এবং ছেলে কবুল করলেই বিবাহ সম্পন্ন হয়ে যাবে। তবে যদি মেয়ের পিতা ও ওলী বিবাহের জন্য মেয়ের পক্ষ থেকে মেয়ের সম্মতিক্রমে অন্য কাউকে উকিল নিয়োগ করে এবং সে মজলিসে স্বাক্ষীদের উপস্থিতিতে বিবাহের প্রস্তাব দেয় এবং ছেলে তা কবুল করে, তাহলেও সে বিবাহ সহীহ হবে। তবে বিবাহের পর উকিলকে উকিল বাবা ডাকা বা এ বিবাহকে কেন্দ্র করে তার সাথে বিশেষ সম্পর্ক গড়ে তোলা এবং তার সামনে বেপর্দাভাবে যাওয়া আসা করা শরী‘আতের দৃষ্টিতে সম্পূর্ণ না-জায়েয। বিবাহ কার্য সষ্পাদনের পরই তার উকালতী শেষ। [প্রমাণঃ ইমদাদুল ফাতাওয়া, ২:২৪০ #আযীযুল ফাতাওয়া ৪৩৭ #ফাতাওয়া রাহীমিয়া ৫:২৪৯]