মসজিদ ঝাড়ু দেয়ার সাওয়াব

মুফতী মনসূরুল হক সাহেব১ জানুয়ারি, ২০২৬মসজিদ মাদরাসা, আযান ইক্বামাত ও ইমাম মু‘আযযিন

প্রশ্ন

মসজিদ ঝাড়ু দেয়া এবং এর আশ-পাশ পরিষ্কার করে রাখাতে সাওয়াব কতটুকু?

উত্তর

মসজিদ আল্লাহ তা'আলার ঘর। আল্লাহ তা'আলা নিজেই হিফাজত করেন। কিন্তু দুনিয়া যেহেতু দারুল আসবাব, তাই আল্লাহ তা'আলা তার বান্দাদের দ্বারা এর হিফাজত করান এবং এর দ্বারা বান্দাদের পরীক্ষাও নেয়া হয়ে থাকে।

অতএব, আল্লাহর ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, ঝাঁড়ু দেয়া এগুলো আল্লাহর ঘর আবাদ করার অন্তর্ভুক্ত। আল্লাহর ঘর যারা আবাদ করে, তাদের প্রসংগে স্বয়ং আল্লাহ তা'আলা ইরশাদ করেন,

أَنَّمَا يَعْمُرُ مَسَاجِدَ اللَّهِ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ .

"নিঃসন্দেহে তারাই আল্লাহর (ঘর) মসজিদ আবাদ করবে, যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি ও শেষ দিনের প্রতি এবং কায়েম করেছে নামায ও আদায় করে যাকাত। আর আল্লাহ ব্যতীত অন্য কাউকে তারা ভয় করে না। আশা করা যায় তারা হিদায়াত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। [সূরা তাওবাঃ ১৮]

তিরমিযী শরীফে ও ইবনে মাজাহ শরীফে হযরত আবু সাঈদ খুদরী রা. থেকে বর্ণিত আছে, যদি তোমরা কাউকে এমন দেখ যে, সে মসজিদের খবরগীরী এবং দেখাশুনার ব্যবস্থা নিতে থাকে, তার ঈমানের ব্যাপারে সাক্ষ্য দিতে পারো। কেননা, আল্লাহ তা‘আলা নিজেই বলেছেন, আল্লাহের মসজিদ তারাই আবাদ করে, যারা আল্লাহর প্রতি ঈমান রাখে। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহ. শরহে মিশকাত লিখেন, মসজিদ আবাদ করার ব্যাখ্যা হল, (১) মসজিদ হিফাজত করা (২) মসজিদ ঝাড়ু দেয়া ও (৩) ইবাদত করা ।

সুতরাং, মসজিদ ঝাড়ু দেয়া আল্লাহর ঘর আবাদ করার শামীল। আল্লাহর ঘর আবাদকারী সম্পর্কে আল্লাহ তা‘আলা নিজেই তার ইমানের কথা ঘোষণা করেছেন এবং রাসূল ﷺ তার ঈমানের ব্যাপারে সাক্ষ্য দেয়ার জন্য বলেছেন। আর ঈমানের চেয়ে বড় ফজিলতের জিনিস কি হতে পারে? [প্রমাণঃ মা আরিফুল কুরআন, ৪:৩৩১]

মসজিদ ঝাড়ু দেয়ার সাওয়াব | ইসলামী যিন্দেগী