মৃত ব্যক্তিকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠান
প্রশ্ন
পাক-ভারত উপমহাদেশে বিশেষতঃ একটি প্রচলন দেখা যায় যে, কোন ব্যক্তি মারা গেলে তাকে কেন্দ্র করে বিভিন্ন প্রথা পালন করা হয়ে থাকে। তিজা, চার দিনা, চল্লিশা, কুলখানী ইত্যাদি অনুষ্ঠান পালন হয় বেশ ধুমধামের সাথে। অনেক সময় এত জাঁকজমকের সাথে অনুষ্ঠান পালিত হয় যে, হঠাৎ করে বুঝা মুশকিল হয়ে দাঁড়ায় যে, এটা কোন বিয়ে বাড়ী নাকি মরা বাড়ী। তো এ ব্যাপারে শরী‘আতের সঠিক দিক নির্দেশনা কি?
উত্তর
বড়ই পরিতাপের বিষয় যে, মৃত ব্যক্তির ঈসালে সাওয়াবের জন্য আমরা আজ যেসব পদ্ধতি অবলম্বন করছি তা একান্ত দুঃখজনক। এতে করে মৃত ব্যক্তির আমলনামায় সওয়াব যোগ না হয়ে উল্টা তার গুনাহের কারণ হয়ে দাঁড়ায়। অত্যন্ত ধুমধামের সাথে চেহলাম, কুলখানি ইত্যাদি পালন করাকে জরুরী মনে করা হয়। অনেক ক্ষেত্রে নিজের সামর্থ না থাকলে ধারকর্জ করে হলেও এটাকে পালন করা জরুরী মনে করা হয়। বিভিন্ন জনের থেকে চাঁদা কালেকশন করা হয়। আত্মীয়-স্বজনকে নির্দিষ্ট পরিমাণের টাকা দেয়ার জন্য চাপ দেয়া হয়। নাবালেগের মাল খরচ করা হয়। এভাবে বিভিন্ন গর্হিত পন্থা অবলম্বন করে এসব অনুষ্ঠানাদি পালন করা হয়। এখন আপনিই চিন্তা করুন, শরী‘আত কিভাবে এর অনুমতি দিতে পারে। রাসূলুল্লাহ ﷺ মৃত ব্যক্তির ঈসালে সাওয়াবের জন্য নির্দিষ্ট এবং উত্তম পন্থা তার উম্মতকে বলে দিয়ে গেছেন।
সেই পন্থাকে পাশ কাটিয়ে নিজের মত অনুযায়ী নতুন পন্থা উদ্ভাবন করা নিঃসন্দেহে বিদ‘আত এবং গোমরাহী।
মাসআলা: কিছু পড়ে কিংবা গরীব মিসকীনকে খানা খাইয়ে অথবা কিছু দান করে তার সওয়াব মৃত ব্যক্তিকে বখশে দেয়ার কথা হাদীসের দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত আছে। মৃত ব্যক্তির জন্য ইসালে সাওয়াব অবশ্যই জায়েয। কিন্তু তার জন্য সহীহ পদ্ধতি অবলম্বন করতে হবে। আর সহীহ পদ্ধতি হচ্ছে মানুষের জন্য যা সহজলভ্য হয় তাই সদকা করে দেবে। অথবা শারীরিক কোন ইবাদাত যথা, কুরআন তিলাওয়াত, নামায, রোযা ইত্যাদি করে মৃতের নামে বখশে দেবে। এমনও হতে পারে যে, মৃত ব্যক্তির আত্মীয়-স্বজনকে খবর দিয়ে তাদেরকে দু’আর জন্য দরখাস্ত করবে। তারা কিছু তিলাওয়াত করে বা দান করে তার সাওয়াব বখশে দেবে।
এ সম্পর্কে ফাতওয়ায়ে বাযযাযিয়ায় বলা হয়েছে, বিদপকালীন দিনগুলিতে দাওয়াত করা মাকরূহ। কেননা এটা হচ্ছে শোকের সময়, আর যে কাজ খুশির সময়ের জন্য নির্ধারিত তা এই সময়ে করা সমীচিন নয়। তাই উত্তম হল, গরীবদের জন্য খানার ব্যবস্থা করা। (ফাতওয়ায়ে আলমগীরির হাশিয়া ৬/৩৭৯)
মুফতী কেফায়াতুল্লাহ রহ. এ সম্পর্কে এক ফাতওয়াতে বলেন, মৃত ব্যক্তিদেরকে সাওয়াব পৌঁছানো পছন্দনীয় কাজ। নফল ইবাদাত হোক কিংবা শারীরিক ইবাদত হোক উভয়টির সাওয়াবই মৃত ব্যক্তি পেয়ে থাকে। কিন্তু ঈসালে সাওয়াবের জন্য শরী‘আত যে পদ্ধতি নির্ধারিত করেনি সেই পদ্ধতি নিজেদের পক্ষ থেকে নির্ধারণ করা এবং ইসালে সাওয়াবের জন্য এটাকে উপকারী মনে করা বিদ‘আত। শরঈ পদ্ধতিতো ব্যস এতটুকু যে, কোন সাওয়াব যদি পৌঁছাতে হয় তাহলে শারীরিক কোন ইবাদাত কর যেমন, নামায পড়, রোখা রাখ, কুরআন তিলাওয়াত কর, দুরূদ শরীফ পাঠ কর এবং এসবের সাওয়াব যাকে মন চায় বখশে দাও এভাবে যে, হে আল্লাহ! আমি যে নামায পড়েছি বা রোযা রেখেছি তার সাওয়াব তুমি স্বীয় ফজল ও করমে অমুক মায়্যিতের রুহে পৌঁছে দাও। অনুরূপভাবে যদি মালি ইবাদতের সাওয়াব পৌঁছাতে চাও তাহলে তার জন্য যতটুকু তাওফীক হয় আল্লাহর রাস্তায় সদকা করে দাও। অথবা মসজিদ নির্মাণ কর, কূপ খনন কর, মুসাফির খানা বানাও, দ্বীনা মাদরাসা প্রতিষ্ঠা কর এবং তার সাওয়াব মায়্যিতের রূহে পৌঁছে দাও। এটাই হচ্ছে ঈসালে সাওয়াবের শরঈ এবং সহীহ তরীকা। কিন্তু তার জন্য কোন দিন তারিখ নির্ধারণ করা এবং এই নির্ধারণ করাকে শরী‘আতের অংশ মনে করা এবং কোন দলীল প্রমাণ ছাড়াই এটাকে উপকারী মনে করা শরী‘আতের পরিপন্থী এবং বিদ‘আত। (কিফায়াতুল মুফতী ৪/১১২)