নামাযে সানা, আঊযুবিল্লাহ ও বিসমিল্লাহ পাঠ
প্রশ্ন
নামাযের প্রথম রাকা‘আতে সানা, আঊযুবিল্লাহ ও বিসমিল্লাহ পাঠ করা কি সুন্নাত? যদি সু্ন্নাত হয়, তাহলে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ রাকা‘আতে এগুলোর স্থানে কি পড়তে হবে?
উত্তর
ইমাম মুক্তাদি ও মুনফারিদ সকলের জন্য শুধু প্রথম রাকা‘আতে সানা পাঠ করা সুন্নাত। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ রাকা‘আতে পড়তে হবে না। আর যেহেতু সানা পড়া ওয়াজিব নয়, তাই যদি প্রথম রাকা‘আতে ভুলবশতঃ অথবা এমনিতেই কোন কোন সময় ছুটে যায়, তবুও নামায শুদ্ধ হয়ে যাবে।
আর আঊযুবিল্লাহ ইমাম ও মুনফারিদ এর জন্য শুধু প্রথম রাকা‘আতে পাঠ করা সুন্নাত। সুতরাং তা ছুটে গেলেও নামায আদায় হয়ে যাবে। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ রাকা‘আতে পড়তে হবে না।
তেমনিভাবে ‘বিসমিল্লাহ’ ইমাম ও মুনফারিদের জন্য প্রত্যেক রাকা‘আতের শুরুতে পড়া সুন্নাত। তবে মুক্তাদির যেহেতু কিরা‘আত পড়তে হয় না, তাই তার জন্য আঊযুবিল্লাহ বা বিসমিল্লাহ পড়ার প্রশ্ন আসে না। [প্রমাণ মুখতাসারুল কুদূরী ২৪ # হিদায়াহ, ১:১০৩ # হিদায়াহ ১:১০২]