অসহায় অবস্থায় মহিলাদের চাকুরী
প্রশ্ন
(১) একজন অবিবাহিত মহিলা বি এস সি পাশ করেছেন। পিতার অসচ্ছলতার দরুন তাকে নিজের পায়ে দাঁড়াতে হচ্ছে। নিজের ভবিষ্যৎ নিজেকেই ভাবতে হচ্ছে। এমতাবস্থায় উক্ত মহিলা হাই স্কুলে চাকুরী নিতে পারবেন কি? শরী‘আতের দৃষ্টিতে এর বিধান কি?
(২) একজন লোক হাইস্কুলের শিক্ষক। অর্থনৈতিক অসচ্ছলতার দরুণ চাকুরী নেয়া অপরিহার্য এমন একজন মহিলাকে নিজের স্কুলে চাকুরীর ব্যবস্থা করে দিলে শরী‘আতের দৃষ্টিতে তার কোন অসুবিধা হবে কি?
উত্তর
(১) বিবাহেব আগে মহিলাদের ভরণ-পোষণের সম্পূর্ণ দায়িত্ব তার পিতার উপর। পিতা না থাকলে বড় ভাই বা অন্যান্য গার্জিয়ানদের উপর। আর বিবাহের পর তার স্বামীর উপর। তাই নিজের পায়ে দাঁড়ানো বা সাবলম্বী হওয়ার জন্য মহিলাদের ভবিষ্যৎ চিন্তার প্রয়োজন নেই। কারণ, আল্লাহ তা‘আলা এটা বহু আগেই ব্যবস্থা করে রেখেছেন। তবে যদি দায়িত্বশীল কোন বাক্তি না থাকে অথবা থাকা সত্ত্বেও দেখাশুনা না করে বা করতে না পারে, তখন নিজের চলার জন্য এমন কোন পেশা গ্রহণ করতে পারে যেখানে শ‘রঈ পর্দা লংঘিত হয় না। যেমন- নূরানী মু‘আল্লিমা ট্রেনিং নিয়ে বাড়ীতে বসে মহিলাগণকে কুরআনের তালীম দেওয়া হাতের কাজ করা ইত্যাদি।
সমাজে অনেক ভদ্র মহিলাই এখন এভাবে জীবিকা নির্বাহ করছে। কিন্তু হাইস্কুলে ছেলে-মেয়েদের সহশিক্ষা দেয়া হয় এবং পুরুষ ও মহিলা উভয় ধরনের শিক্ষক থাকেন। ফরয পর্দা লংঘন করে সেখানে চাকুরী গ্রহণ করার কোন অবকাশ নেই। হ্যাঁ, যদি এমন কোন স্কুল পাওয়া যায় যেখানে শিক্ষক ও শিক্ষাথী সকলেই পর্দাকারিণী মহিলা, সেখানে যেহেতু বেপর্দা হওয়ার কোন আশংকা নেই। কাজেই এ ধরনের কর্মস্থলে পর্দার পাবন্দী করে চাকুরী গ্রহণ করতে কোন অসুবিধা নেই।
(২) হারাম কাজ নিজে করা যেমন না জায়েয ও কবীরা গুনাহ, তেমনি সে কাজে সহায়তা করা বা ব্যবস্থা করে দেওয়া নাজায়েয। সুতরাং, প্রশ্নে উল্লেখিত স্কুলের মাষ্টার সাহেবের জন্য একজন মহিলাকে হাইস্কুলে চাকুরী দেওয়া জায়েয হবে না। আল্লাহ তা‘আলা ইরশাদ করেছেনঃ
وَقَرْنَ فِیْ بُیُوْتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِیَّۃِ الْاُوْلٰی
(সূরা নূর-৩১, সূরা বাকারা-২৩৩, সূরা আহযাব-৩৩, সূরা মায়িদা-২, মিশকাত শরীফ-২:২৬৯, হুজ্জাতুল্লাহিল বালিগা-২:৩৩৮, মা‘আরিফুল কুরআন-৭:১৩৫, ফাতাওয়া রাহীমিয়া-৪:৯৪, ১০৯)