ঈদের নামাযে সিজদাহ সাহু করা

মুফতী মনসূরুল হক সাহেব৮ অক্টোবর, ২০২৪নামায

প্রশ্ন

আমাদের এলাকায় ঈদগাহে ঈদুল আযহার নামাযে ইমাম সাহেব প্রথম রাক’আত অতিরিক্ত তাকবীর ভুলে ছেড়ে দিয়ে সিজদায়ে সাহু করে নামায শেষ করলেন। আমরা জানি ঈদের নামাযে সাহু সিজদা নেই। এখন সাহু সিজদার কারণে নামায বাতিল হবে কি?

উত্তর

ঈদের নামাযের অতিরিক্ত তাকবীর অথবা যে কোন ওয়াজিব ছুটে গেলে মূলতঃ সিজদায়ে সাহু ওয়াজিব হয়। সিজদায়ে সাহুর দ্বারা তার ক্ষতিপূরণ হয়। তবে ঈদ ও জুমু‘আর নামাযের জামা’আত সাধারণতঃ অনেক বড় হয়। বিভিন্ন ধরনের লোকের উপস্থিতি ঘটে। সেহেতু এখানে সিজদায়ে সাহু করলে অনেকে মাসআলা না জানার দরুন বিভ্রান্তির শিকার হতে পারে। এজন্য ফিকাহ শাস্ত্রবিদগণ জুমু‘আ ও ঈদের বড় জামা’আতে সিজদায়ে সাহু ছেড়ে দিতে বলেছেন। এতদসত্ত্বেও কেউ যদি সতর্কতা অবলম্বন পূর্বক সিজদায়ে সাহু করে নেয়, তাহলে নামায সহীহ হয়ে যাবে। নামাযের কোন ক্ষতি হবে না।

[প্রমাণঃ ফাতাওয়া শামী ২:১৭৪ও ১৮০পৃঃ # ফাতাওয়া দারুল উলূম ৫:১৮৯]

ঈদের নামাযে সিজদাহ সাহু করা | ইসলামী যিন্দেগী