দালালী ব্যবসার শর‘ঈ বিধান
প্রশ্ন
দালালী ব্যবসা জায়েয কি-না? কোন ব্যক্তি তার মহাজনকে বলল- “আমি আপনার অমুক মাল বিক্রি করে দিব, আমাকে এত টাকা দিতে হবে।” উক্ত মাল বিক্রি করে দিয়ে টাকা গ্রহণ করা হালাল হবে কি? এরূপ ক্রেতা এবং বিক্রেতা উভয়ের নিকট থেকে দালালী গ্রহণ করা জায়েয কি-না?
উত্তর
দালালের জন্য তার মেহনত ও কর্ম অনুপাতে উভয়ের মধ্যে পূর্বনির্ধারিত শর্তানুযায়ী পারিশ্রমিক দেয়া ও নেয়া উভয়টাই জায়েয আছে। তবে দালালী ব্যবসা জায়েয হতে হলে, কতগুলো বিষয় খেয়াল রাখতে হবে। দালালের পারিশ্রমিক কাজের আগেই উভয় পক্ষের সম্মতিক্রমে নির্ধারণ করতে হবে। যেমন দালাল বলবে, আমি আপনার এ জমিটা বিক্রি করে দিতে পারলে আমাকে ১০০০ টাকা দিতে হবে। জমিওয়ালা তাতে সম্মতি প্রকাশ করলো। সেক্ষেত্রে এ লেন-দেন জায়েয হবে। তেমনিভাবে দালালীর পারিশ্রমিক তার মেহনত অনুযায়ী থেকে হবে। যাতে করে ধোকাবাজী বা যুলুমের পন্থায় সত্য-মিথ্যা মিলিয়ে অনেক বেশী টাকা উসুল করতে না পারে। কারণ- ধোকা দেয়া ও যুলুম করা উভয়টাই হারাম। খরিদ্দারের সাথে চুক্তির ক্ষেত্রে এ দিকগুলো লক্ষ্য রাখতে হবে। তাহলে তার থেকেও দালালীর বিনিময় গ্রহণ জায়েয হবে। (প্রমাণঃ ইমদাদুল মুফতিন ৮৬৪,৮৬৫)