বছরের মধ্যবর্তী সময়ে পাওয়া টাকার যাকাত
প্রশ্ন
আমি বিদেশে কর্মরত থাকা অবস্থায় আমার বেতনের পরিমাণ জানা ছিল না। অতঃপর গত ১৯৯৩ সালের ২৫শে রমাযান ৫০ হাজার টাকা প্রথম পেলাম। উক্ত টাকা আমার প্রয়োজন অতিরিক্ত। ৬মাস গত হওয়ার পর আবারো দু’লক্ষ টাকা পেলাম। প্রশ্ন হলো, বর্তমানে রমাযান মাসে পাওয়া এক লক্ষ টাকার বত্সর কখন পুরো হবে এবং এ টাকার যাকাত হবে কি-না?
উত্তর
নেসাব পরিমান মাল হাতে আসার পর ঋণ অতিরিক্ত হয়ে চান্দ্রমাসে ১ বত্সর অতিবাহিত হয়ে গেলে, উক্ত মালের যাকাত দিতে হয়। বত্সরের মাঝে যত টাকার মালিক হবেন সেগুলো আগের মালের সাথে সংযোগ হয়ে মোট মালের যাকাত দিতে হবে। সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে সর্বশেষে প্রাপ্ত ১ লক্ষ টাকা যদি ১ বছর পূর্ণ হওয়ার আগে অর্থাৎ ১৯৯৪ সনের ২৫শে রমাযানের আগে পেয়ে থাকেন তাহলে উক্ত ১ লক্ষ টাকা আগের প্রাপ্ত আড়াই লক্ষ টাকার সাথে যোগ করে মোট সাড়ে তিন লক্ষ টাকার যাকাত দিতে হবে। আর যদি চান্দ্রমাস হিসেবে বত্সর পুরা হওয়ার পর ‘৯৪ এর ২৫শে রমাযানের পর ঐ এক লক্ষ টাকা হাতে এসে থাকে, তাহলে এ বত্সর আর ঐ টাকার যাকাত দিতে হবে না। বরং ঐ টাকা হাতে থাকলে, আগামী বত্সর তার যাকাত আদায় করতে হবে। অর্থাৎ ১৯৯৫-এর ২৫শে রমাযান। [প্রমানঃ ফাতওয়ায়ে আলমগীরী, ১:১৭৫]