দুনিয়ার চাকচিক্য ও বদদ্বীনী পরিবেশের কারণে আত্মীয়তা ছিন্ন করা
প্রশ্ন
ইসলামে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এবং তাদের হক্বের প্রতি যত্নবান হওয়ার ব্যপারে অত্যন্ত কঠোর নির্দেশ দেয়া হয়েছে। কিন্তু খালা, ফুফু, মামা, চাচা ও এ শ্রেণীর অন্যান্য আত্মীয়-স্বজনদের বাসায় দুনিয়ার চাকচিক্য ও বদদ্বীনী পরিবেশ থাকার কারণে, তাদের সাথে সস্পর্ক ছিন্ন করা যাবে কি-না?
উত্তর
আত্মীয়তার সম্পর্ক বহাল রাখা ও তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, তাদের দেখাশুনা করা, প্রয়োজনে তাদেরকে সাধ্যানুযায়ী সাহায্য- সহযোগিতা করা অত্যন্ত জরুরী। শরী‘আতে এর প্রতি বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। কেউ যদি দ্বীনের উপর না চলে তাহলে এর শাস্তি তাকেই ভোগ করতে হবে। আর অন্যরা যদি তাকে দ্বীনের পরিপন্থী কাজ থেকে নিষেধ করে থাকে, তাহলে তারা জবাবদিহীতার হাত থেকে রেহাই পাবে।
সুতরাং, একজন দ্বীনদার মানুষের জন্য ইসলামের বিধান হিসেবে আত্মীয়দের সাথে যে ধরনের আচার-আচরণের নির্দেশ দেয়া হয়েছে তা পালনে সচেষ্ট থাকা অত্যন্ত জরুরী এবং উম্মতে মুহাম্মদী হিসেবে দাওয়াতের যে জিম্মাদারী রয়েছে, তা যথাসাধ্য পালন করার চেষ্টা করতে হবে। কেউ যদি দ্বীনের উপর না চলে সেজন্য বিচলিত হলে চলবে না। তবে এতটুকু অবশ্যই লক্ষ্য রাখতে হবে। যেন তাদের সাথে নিজেও গুনাহের কাজে লিপ্ত হয়ে না পড়ে। বরং নিজেকে গুনাহের কাজ থেকে বাঁচিয়ে রাখতে হবে এবং তাদেরকে বুঝাতে হবে। আর যদি সেসব জায়গায় যাওয়ার দ্বারা নিজের গুনাহের কাজে লিপ্ত হয়ে পড়ার প্রবল ধারণা জন্মে, তাহলে চিঠিপত্র দ্বারা বা ফোনের সাহায্যে কিংবা অন্য কোনভাবে বুঝাতে হবে। [ প্রমাণঃ তিরমিযী শরীফ, ২:১২]