উস্তাদের জিম্মাদারীতে অবহেলা করা
প্রশ্ন
যদি কোন শিক্ষক ক্লাশের ১০ মিনিট আগে এসে অতি তাড়াহুড়ার মাধ্যমে ক্লাশ করেন। ছাত্ররা শিক্ষক থেকে যথারীতি উপকার লাভে সক্ষম না হয়। উল্লেখ্য যে, ক্লাশের পুরা সময় সীমা ৫০ মিনিট থাকা সত্ত্বেও শিক্ষক নিয়মিত এরূপ করে যাচ্ছেন। আর এদিকে ছাত্ররা ক্লাশের ব্যাপারে কোন কিছু বললে, তিনি সেদিকে ভ্রুক্ষেপ করেন না, এমতাবস্থায় উক্ত শিক্ষকের জন্যে এ কাজ করা কতটুকু বৈধ হবে?
উত্তর
স্কুল, কলেজ বা মাদরাসার কোন শিক্ষক, অথবা যে কোন চাকুরীজীবির জন্য এটা জায়িয নয় যে, তিনি তার চাকুরীর পূর্বশর্ত অনুযায়ী ডিউটির সময় সীমা থেকে কম ডিউটি করে পূর্ণ বেতন গ্রহণ করবেন। কারণ, নির্ধারিত সময়ের ডিউটি ও কাজের বিনিময়ে তাকে পূর্ণ বেতন দেয়া হয়। এমতাবস্থায় যদি তিনি পুর্ণ সময়টা নির্ধারিত কাজে ব্যয় না করেন তাহলে সে কাজে ফাঁকি দেয়া হল ও দায়িত্বে অবহেলা করা হল। এটা তার পক্ষে ধোকা ও খিয়ানত সাব্যস্থ হবে এবং তার জন্য পূর্ণ কাজ না করে পূর্ণ বেতন গ্রহণ করা জায়িয ও হালাল হবে না। সুতরাং, যে পরিমাণ ডিউটি তিনি ফাঁকি দিয়েছেন ঐ পরিমাণ টাকা কর্তৃপক্ষকে বা প্রতিষ্ঠানে ফেরৎ দেয়া তার জন্য জরুরী। নগদ টাকা ফেরত দিবেন, অথবা হিসাব মত যতদিন ডিউটি করেনি, নতুনভাবে বেতন না নিয়ে ততদিনের ডিউটি করে দিবেন। [মিশকাতঃ ১:১৭]