যাকাত তরককারীর পরিণতি

মুফতী মনসূরুল হক সাহেব১১ জানুয়ারি, ২০২৫যাকাত

প্রশ্ন

যাকাত আদায় না করলে কি হবে?

উত্তর

যারা যাকাত আদায় করে না, তাদের ব্যাপারে কুরআন ও হাদীসে কঠোর শাস্তির কথা উল্লেখ রয়েছে। যেমন, সূরা তাওবায় আল্লাহ তা‘আলা ইরশাদ করেছেন, “আর যারা স্বর্ণ-রূপা, (ধন-সম্পদ) জমা রাখে এবং তা আল্লাহর পথে ব্যয় না করে (অর্থাৎ যাকাত দেয় না) তাদেরকে কঠোর আজাবের সংবাদ শুনিয়ে দিন। সে দিন জাহান্নামের আগুনে তাদের সম্পদ উত্তপ্ত করা হবে। এবং এর দ্বারা তাদের ললাট, পার্শ্বদেশকে দগ্ধ করা হবে, সে দিন বলা হবে, এগুলো (সেই সম্পদ) যা তোমরা (যাকাত না দিয়ে) নিজেদের জন্য জমা করে রেখেছিলে। সুতরাং এখন (যাকাত না দিয়ে) মাল জমা করে রাখার স্বাদ গ্রহণ কর। ”[ সূরা তাওবা, ৩৪,৩৫]

এমনি ভাবে অনেক হাদীসও বর্ণিত হয়েছে। যেমন, হযরত আবু হুরাইরা রাযি. থেকে বর্ণিত আছে, “যারা মালের যাকাত দেয় না তাদের সম্পকে রাসূলুল্লাহ ﷺ বলেন, “কিয়ামতের দিন তাদের ধন-সম্পদ বিষাক্ত সাপের আকৃতি ধারন করবে, যার থেকে সেসব সম্পদের মালিক পলায়ন করতে থাকবে আর সেই সাপ তাকে খুঁজতে থাকবে। (পরিশেষে তাকে ধরে ফেলবে) এমনি এক পর্যায়ে তার হাতের আঙ্গুলসমূহ গিলে ফেলবে। মিশকাত শরীফঃ১/৫৭]

হযরত ইবনে মাসউদ রাযি. থেকে বর্ণিত, রাসূলে পাক ﷺ ইরশাদ করেন, “যে ব্যক্তি তার মালের যাকাত আদায় করে না, কিয়ামতের দিন আল্লাহ তা‘আলা তার গলায় (সেই মালকে সাপ বানিয়ে ঝুলিয়ে দিবেন।” [প্রমাণঃ মিশকাত শরীফ ১৫৭, তিরমিযী শরীফ, নাসায়ী শরীফ ও ইবনে মাজা শরীফ]

এতদভিন্ন যাকাত না দেয়ার আরো অনেক শাস্তির কথা উল্লেখ রয়েছে। তাছাড়া যেহেতু যাকাত মালকে পবিত্র করে দেয়, তাই কেউ যদি পূর্ণ হিসাব করে যাকাত আদায় না করে, তাহলে যাকাতের সেই মাল তার আসল মালকে ধ্বংস করে দেয়। [প্রমাণঃ মিশকাত শরীফ১৫৭ পৃঃ]

এ পরিণতি কখনো মালিকের জীবদ্দশায়ই ঘটে থাকে। আবার কখনো তার উওরসুরীদের জীবনে ঘটে।

যাকাত তরককারীর পরিণতি | ইসলামী যিন্দেগী