নামাযে খুশুখুযু হাসিল করার পদ্ধতি

মুফতী মনসূরুল হক সাহেব৫ জানুয়ারি, ২০২৬আত্মশুদ্ধি, বিবিধ

প্রশ্ন

নামাযে খুশুখুযু হাসিল করার তরীকা কি? চুপ করে থাকলে দুনিয়ার চিন্তা এসে যায়, এমতাবস্থায় আমার করণীয় কি?

উত্তর

নামাযে হুজুরে ক্বলব অর্থাৎ একাগ্রতা হাসিল করার ব্যাপারে হাকীমূল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহ. বলেন, হুজুরে ক্বলব হাসিল করার বিভিন্ন তরীকা আছে। এখানে কয়েকটি নিয়ম লেখা হল। যার নিকট যেটি সহজবোধ হয়, সে সেটি আমল করবে। প্রথমত নামাযের শুরু থেকে শেষ পর্যন্ত এই ধ্যান রাখবে যে, আমি আল্লাহ তা‘আলাকে দেখছি। দ্বিতীয়তঃ আল্লাহ তা‘আলা আমাকে দেখছেন। তৃতীয়তঃ যা কিছু পড়বে তার অর্থের দিকে লক্ষ্য রেখে পড়বে। চতুর্থতঃ প্রত্যেক শব্দ চিন্তা করে পড়বে যে, প্রথম এই শব্দ পড়ব, তারপর এই শব্দ পড়ব। এভাবে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক শব্দ চিন্তা করে উচ্চররণ করবে। একটি শব্দও চিন্তা ছাড়া শুধু মুখস্থের জোরে পড়বে না। পঞ্চমতঃ এই চিন্তা করবে যে, এটাই আমার জীবনের শেষ নামায, হয়ত এখনই এই নামায নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে। অতএব যদি দিল এদিক ওদিক রেখে নামায পড়ি, তবে তাঁর নিকট লজ্জিত এবং তিরস্কৃত হতে হবে। এই নিয়মগুলির মধ্য থেকে যেটি সহজবোধ হয় সেটি আমল করবে। এবং কোনো হক্কানী পীরের পরামর্শ সাপেক্ষে সকাল-বিকাল কিছু অযীফাও হুজুরে ক্বলবের সাথে পড়বে। (তা’লীমুদ্দীন ২য় খণ্ড)

এসব পদ্ধতিতে মনোযোগ বসানোর চেষ্টা করার পরেও যদি বাইরের চিন্তা এসে যায় তাহলে নামাযের মধ্যে যখনই খেয়াল হয়, তখনই নিজ ইচ্ছায় অন্তরকে নামাযের মধ্যে নিয়ে আসবে। যতবার খেয়াল হয় ততবার এমন করবে। এর উপর আমল করতে থাকলে ইনশাআল্লাহ মন স্থীর হয়ে যাবে।