নির্বাচনী শ্লোগান
প্রশ্ন
আমাদের দেশে নির্বাচনের সময় প্রচার উপলক্ষে বিভিন্ন দলের রাজনৈতিক কর্মীরা এই শ্লোগান দেয় যে, ‘লা ইলাহা ইল্লাল্লাহ, (অমুক মার্কার) মালিক তুই আল্লাহ”- এই ধরনের শ্লোগান শরী‘আত সম্মত কিনা?
উত্তর
কালিমায়ে তায়্যিবা মুমিনের ঈমাণের ভিত্তি। এর উদ্দেশ্য ও তাৎপর্য ব্যাপক। কালিমায়ে তায়্যিবাকে তার লক্ষ উদ্দেশ্য ব্যতীত অন্য কোন কাজে ব্যবহার করা সম্পূর্ণ নাজায়িয। যেমন, কোন পাহারাদার পাহারাদারী করা অবস্থায় নিজের জাগ্রতাকে প্রকাশ করার জন্য বা ঘুম তারানোর জন্য উচ্চৈঃস্বরে কালিমায়ে তায়্যিবার যিকির করলে শরী‘আতের দৃষ্টিতে নাজায়িয হবে। ঠিক তেমনিভাবে রাজনৈতিক স্বার্থে এবং শ্লোগান মিলাতে গিয়ে লা-ইলাহা ইল্লাল্লাহ..........মার্কার মালিক তুই আল্লাহ। এমন শ্লোগান দেয়া সম্পূর্ণ নাজায়িয।
অধিকন্তু কালিমায়ে তায়্যিবার মাঝে দু’টি অংশ আছে।
(১) তাওহীদ তথা আল্লাহ তা‘আলার একত্ববাদের বিশ্বাস করা।
(২) রিসালাত তথা আমাদের প্রিয় নবী ﷺ আল্লাহর রাসূল এ কথা বিশ্বাস করা। যার সারকথা আল্লাহ ছাড়া কোন মা’বূদ নেই। একমাত্র তারই ইবাদত করতে হবে এবং রাসূল তাঁর হুকুম মত চলতে হবে এবং তাঁর হুকুমকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরীকা মত করতে হবে।
সুতরাং, কালিমায়ে তায়্যিবার দ্বিতীয় অংশের উদ্দেশ্য হলো, একমাত্র হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহী ওয়া সাল্লামের আদর্শ তরীকাতেই বিশ্ববাসীর জন্য শান্তি ও কামিয়াবী। তা বাদ দিয়ে অন্য কোন তরীকায় শান্তি আসাতো দূরের কথা; বরং এর আশা করাও গুনাহ। এখন যদি কালিমায়ে তায়্যিবার প্রথম অংশের সাথে নির্বাচনী প্রতীক যোগ করা হয়, তাহলে তাদের নিয়্যাত যাই থাকুক, আগে পরে মিলিয়ে এর অর্থ দাঁড়ায় নবী সাল্লাল্লাহু আল্লাইহি ওয়াসাল্লামের তরীকা ছাড়াও তাদের নির্বাচনী প্রতীকের মধ্যেও শান্তি ও কামিয়াবী রয়েছে। (নাউযুবিল্লাহ) কাজেই রাজনৈতিক দলগুলোর এ শ্লোগান পরিহার করে অতীত গুনাহের জন্য আল্লাহ তা‘আলার কাছে খাঁটি মনে তাওবা করতে হবে। (আল-আশবাহ ওয়ান নাজায়িয ৫৩)