ঋণ গ্রহীতার নিকট বেশী দামে ফরম বিক্রয় করা
প্রশ্ন
আমরা কজন মিলে একটি সমিতি গঠন করেছি। এ সমিতিটি আমরা ইসলামী শরী‘আত মুতাবেক পরিচালনা করতে অঙ্গীকারবদ্ধ। এদিকে আমরা ব্যবসার উদ্দেশে সমিতির নামে কিছু ফরম ছাপিয়েছি এবং আমরা এরূপ নিয়ম করেছি যে, কোন ব্যক্তি ৫০/- টাকা দিয়ে একটি ফরম ক্রয় করলে সমিতির পক্ষ থেকে তাকে ১০০০/-টাকা ঋণ দেয়া হবে। এমনিভাবে যে কেউ যত ফরম জন্য আবেদন করুক না কেন, প্রতি হাজারের জন্য ৫০/- টাকা দিয়ে ফরম ক্রয় করলে উক্ত মেয়াদের জন্য তাকে প্রয়োজনীয় টাকা ঋণ দেয়া হবে ।
এমনিভাবে সমিতির পক্ষে থেকে কেবল মালের উপরেও ঋণ দেয়া হয়। যেমন কউকে ১০,০০০/- টাকা দেয়া হল যে, আপনি উক্ত টাকা দিয়ে একটি গাভী ক্রয় কবেন এবং ছয় মাস পর আপনি সমিতিতে ১১,০০০/- টাকা পরিশোধ করবেন। আমাদের প্রশ্ন হচ্ছে, এরূপ লেন-দেন শরী‘আতের দৃষ্টিতে জায়েয কি-না? যদি জায়েয না থাকে, তাহলে এ যাবত যে টাকা মুনাফা হয়েছে উক্ত টাকাগুলো এখন কি করতে হবে।
উত্তর
সমিতির পক্ষ থেকে ঋণ দেয়ার ক্ষেত্রে ১০০০/- টাকার জন্য ৫০/- টাকার ফরম ও প্রতি হাজারে ৫০/- টাকা বর্ধিত করে ফরম বিক্রি করা সুদেরই নামান্তর, যা সম্পূর্ণ হারাম। তবে ফরম ছাপাতে যে খরচ হয়েছে- ইনসাফ মত তা গ্রহণ করায় কোন অসুবিধা নেই এবং এক ব্যক্তি এক লেন-দেনে একটিই ফরম কিনবে।
আর কোন মাল ক্রয়ের জন্য ঋণ দিয়ে নির্দিষ্ট মেয়াদের পর ঋণগ্রহণকারীর নিকট থেকে লাভ গ্রহণ করাও সুদ। ঋণ গ্রহীতাকে “আপনি ১০,০০০/- টাকা দিয়ে একটি গাভী ক্রয় করবেন” বলার দ্বারা তাকে ঐ টাকা ঋণ দেয়া হলো। সুতরাং তার নিকট থেকে অতিরিক্ত ১০০০/- টাকা মুনাফা গ্রহণ করা জায়েয হবে না। বরং এর হালাল ও বৈধ পন্থা হল প্রথমে সমিতির পক্ষ থেকে কোন মাল ক্রয় করে নিজেদের দায়িত্বে নিত হবে অতঃপর গ্রাহকের নিকট নির্দিষ্ট মেয়াদের জন্য বাকীতে কিছু বেশী দামে বিক্রয় করা যাবে এবং এ পন্থায় যা লাভ হবে, তা গ্রহণ করা জায়েয হবে । প্রশ্নে বর্ণিত দু টি পন্থায় লাভের অংশ সুদ হিসেবে গণ্য হওয়ায় যাদের নিকট থেকে উক্ত টাকা নেয়া হয়েছে, তাদের নিকট সে টাকা ফিরিয়ে দিতে হবে।
(কাওয়ায়িদুল ফিকহ, ৩০২ ও ৪৯২ #ফাতাওয়া শামী,৪:১৭৫#ইমদাদুল মুফতীন ৮৫৯ #আল-বাহরুর রায়িক ৬:১১৪)