মাসাইল
১০০%

হযরত উম্মে কুলসুমের রা. দাওয়াতের ঘটনা

প্রশ্ন

সমাজে প্রচলিত কিছু কিসসা কাহিনী রয়েছে তা আদৌ কতটৃকু সত্য তা জানালে উপকৃত হবো। যেমন: হযরত উম্মে কুলসুমের রা. দাওয়াতের ঘটনা প্রসঙ্গে।

উত্তর

ফাতেমার জারি নামে একটি মিথ্যা ঘটনা আমাদের সমাজে, বিশেষ করে গ্রামে-গঞ্জে খুবই আলোচিত। মা বোনরা সেই ঘটনা শুনে খুই মর্মাহত হয়। তাদেরকে পরস্পরে আলোচনা ও মন্তব্য করতে শোনা যায়। ঘটনাটি এরকম যে, রাসূলুল্লাহ ﷺ এর কন্যা হযরত উম্মে কুলসুম রা. ছিলেন খুব ধনী। অপরদিকে নবীজীর অপর কন্যা হযরত ফাতেমা রা. ছিলেন অত্যন্ত গরীব। তার স্বামী হযরত আলী রা. ছিলেন সহায় সম্বলহীন। একদা উম্মে কুলসুম রা. মদিনার মহিলাদের জন্য যিয়াফতের ব্যবস্থা করলেন। সেখানে বিভিন্ন ধরনের মুখরোচক খাবারের আয়োজন করা হল। হযরত ফাতেমা রা. গরীব হওয়ায় তার উপযুক্ত এমন কোন পোশাক ছিল না যা পরে তিনি এত বড় দাওয়াতের মজলিসে হাজির হতে পারেন। ফাতেমাকে দাওয়াত করলে তিনি ছেড়া ফাটা পোশাক পরে যদি উক্ত মজলিসে শরীক হন তাহলে উম্মে কুলসুমের মান ইজ্জত বলতে কিছু থাকবে না। এসব চিন্তা করে তিনি হযরত ফাতেমাকে দাওয়াত করলেন না।

ফাতেমা রা. যখন জানতে পারলেন যে, তারই আপন বোন মদীনার সব মহিলাদেরকে দাওয়াত করেছে আর শুধুমাত্র গরীব হওয়ার কারণে তাকে দাওয়াত করেনি। তখন তার মনে খুব ব্যাথা লাগল। দুঃখে তিনি কেঁদে ফেললেন। অপর দিকে দাওয়াতী মেহমানরা উম্মে কুলসুমের বাড়িতে হাজির হয়ে দেখতে পেল তার রান্না করা ভাত চাল হয়ে গেছে আর গোশতগুলি পাথর হয়ে গেছে।

ঘটনাটি সম্পূর্ণ কাল্পনিক। ইতিহাসের বা সীরাত গ্রন্থের কোথাও এর কোন অস্তিত্ব নেই। বানোয়াট এই ঘটনা দ্বারা নবী কারীম ﷺ এর প্রিয় কন্যা, বিশিষ্ট সাহাবিয়া হযরত উম্মে কুলসুমের রা. উপর একটি মিথ্যা অপবাদ ও কালিমা লেপন করা হয়। যা নিঃসন্দেহে কবীরা গুনাহ। যারা এগুলি প্রচার করে, শোনে এবং বিশ্বাস করে তারা সকলেই কবীরা গুনাহে লিপ্ত। ঈমান আকীদার হেফাজতের জন্য এ থেকে বেঁচে থাকা জরুরী।