একই জিনিস বিভিন্ন লোকের কাছে বিক্রি করা
প্রশ্ন
আমি একজন দোকানদার। আমার দোকানে ১টা পাউডারের মূল্য ৪২ টাকা লেখা আছে । এখন এক কাষ্টমারের কাছে ৪২ টাকা চাওয়াতে সে দরাদরি করে ৪০ টাকা বলল। আমি তাকে দিলাম। এরপর আমার এক বন্ধু ঐ পাউডার নিতে এল। আমার বন্ধু বিধায় আমি তার কাছে ৩৮ টাকা বিক্রি করলাম। আবার আমার দুলাভাই ঐ একই পাউডার নিতে এলো তার কাছে ৩৬ টাকা বিক্রি করলাম। এখন প্রশ্ন হলো, একই পাউডার ৩ লোকের কাছে তিন রকমের দামে বিক্রি করলাম। শরী‘আতের দৃষ্টিতে এটা জায়েয হবে কি-না?
উত্তর
উক্ত তিন ব্যক্তির কাছে তিন রকম মূল্যে বিক্রি করা জায়েয হবে। তবে বিক্রির সময় যদি আপনি একথা বলেন যে, ৪২ টাকা আমার কিনা দাম, তাহলে মিথ্যা বলার গুনাহ হবে। কারণ এর চেয়ে কম দামে আপনি কিনেছেন। আর মিথ্যা না বলে আপনার মাল যার কাছে যত দামে ইচ্ছা বিক্রি করতে পারেন। তবে বাজারদর বা ন্যায্য মূল্য থেকে বেশী রাখবেন না। দোকানের আপনি একা মালিক হলে, ন্যায্য মূল্য থেকে কম মূল্যেও বেচতে পারেন। কিন্তু অন্য শরীক হলে তাকে না জানিয়ে ন্যায্য মূল্যের থেকে কমে বিক্রি করতে পারবেন না।