ইমামের পিছনে মুক্তাদির করণীয়

মুফতী মনসূরুল হক সাহেব৫ অক্টোবর, ২০২৪নামায

প্রশ্ন

জামা’আতে নামাযরত অবস্থায় ইমামের পিছনে মুক্তাদীরা কি কি পড়ার অধিকার রাখে? ‍মুক্তাদীগণ ২য় রাক’আতে বৈঠকের মধ্যে আত্তাহিয়্যাতু পড়তে পারবে কি? অথবা ৪র্থ রাক’আতে বৈঠকের মধ্যে আত্তাহিয়্যাতু, দরূদ, দু’আয়ে মাসূরা পড়তে পারবে কি?

উত্তর

ইমামের পিছে মুক্তাদীর কোন রাক’আতে কিরাআত পড়তে হবেনা। বরং চুপ থাকবে। কিরাআত শুনা গেলে মনোযোগ সহকারে শুনতে থাকবে আর কিরাআত না শুনা গেলে অন্তরে (মুখে নয়) সূরা ফাতিহা খেয়াল করতে থাকবে। যেমন- হাদীস শরীফে আছে যে ব্যক্তির ইমাম থাকে তার ইমামের কিরাআতই তার জন্য কিরাআত (মুসলিম শরীফ)। অন্য হাদীসে এসেছে ইমামের পিছে সূরা ফাতিহার খেয়াল করা আর কিরাআতের সময় চুপ থাকা। এমনিভাবে এ ব্যাপারে আরো অনেক হাদীস আছে। কিন্তু কিরাআত ব্যতীত অন্য কোন বিষয় সম্পর্কে যেমন তাশাহহুদ বা অন্যান্য সকল দু’আ, তাসবীহ-এর ব্যাপারে এ ধরণের কোন হাদীস নেই যে, ইমাম পড়লে তার পক্ষ থেকে পড়া হয়ে যাবে। বরং এগুলো পড়ার জন্য হাদীসে নির্দেশ এসেছে। সুতরাং এগুলো ইমাম-মুক্তাদী, একা নামাযী সকলেরই এতটুকু আওয়াযে মুখে পড়তে হবে যাতে হালকা আওয়ায নিজের কানে আসে। [প্রমাণ: মিশকাত শরীফ ১:৮১ # ইমদাদুল আহকাম ২:৯৭]

ইমামের পিছনে মুক্তাদির করণীয় | ইসলামী যিন্দেগী