বিভিন্ন মেলায় যাওয়া ও জিনিস খরিদ করা
প্রশ্ন
আমাদের দেশে বিভিন্ন ধরণের মেলা বসে থাকে। যেমন- বৈশাখী মেলা ও পৌষী মেলা ইত্যাদি। ঐসব মেলায় যাওয়া জায়িয হবে কি ? ওখান থেকে আসবাব পত্র কেনা জায়িয হবে কি-না?
উত্তর
বর্তমানে আমাদের দেশে যে মেলা বসে থাকে, তা আমাদের জানা মতে বিভিন্ন ধরনের নোংরা, অশ্লীল ও অবৈধ কার্যকলাপের উপর ভিত্তি করেই হয়ে থাকে। মুসলমানদের মেলা হোক, কিংবা বিধর্মীদের মেলা হোক, বর্তমানে কোন মেলাতে অংশগ্রহণের কিংবা তথায় ক্রয়-বিক্রয় কোনটার জন্য উপস্থিত হওয়া জায়িয হবে না। কেননা, ঐ সমস্ত মেলাতে আপনার উপস্থিতি মেলার সৌন্দর্য ও জাঁকজমক বৃদ্ধির সহায়ক হবে। যা প্রকারান্তরে তাদের অশ্লীলতা ও অবৈধ কার্যকলাপের ব্যাপারে উৎসাহ যোগাবে। আল্লাহ পাক ইরশাদ করেনঃ “ভাল ও তাকওয়ার কাজে তোমরা সহায়তা করো, গুণাহ ও সীমা লংঘনের ব্যাপারে সহায়তা করো না।” [প্রমাণঃ সূরা মায়িদা, ২ # ফাতাওয়া রশীদিয়া, ২৪৯]
তদুপরি গুনাহ হওয়া সত্ত্বেও যদি কেউ উপস্থিত হয়ে কোন বস্তু সঠিক পদ্ধতিতে ক্রয় করে, তাহলে তার বেচা-কেনা শুদ্ধ হয়ে যাবে। [ফাতাওয়া রশীদিয়া, ৪৫৫]
সারকথা, এ সব মেলায় মুসলমানদের জন্য অংশগ্রহণ না করা এবং না যাওয়া নৈতিক ও ঈমানী কর্তব্য।