গাছের ফল বিক্রয়
প্রশ্ন
আমাদের দেশে গাছের মধ্যে রেখেই যেভাবে আম বিক্রি হচ্ছে তা সকলেরই জানা আছে। এর মধ্যে কোন সুরত জায়েয এবং কোনটা নাজায়েয বিস্তারিত জানতে চাই।
উত্তর
গাছে আম তথা ফল বিক্রয়ের বিভিন্ন সুরত হতে পারে যথাঃ
(ক) ফল সম্পূর্ণ বেড়ে সারার পর গাছে রেখেই বিক্রি করে দেওয়া। শরী‘আতের দৃষ্টিতে এ সুরত সম্পূর্ণ জায়েয।
(খ) সম্পূর্ণ বেড়ে সারার পূর্বেই বিক্রি করা বা একেবারেই গুঁটি অবস্থায় অথবা সব ফল এখনো গুঁটিও বেঁধে সারে নাই কিংবা মোটেও গুঁটি বাঁধে নাই বরং সবে মাত্র ফুল হয়েছে এমতাবস্থায় বিক্রি করে দেওয়া। অতঃপর রেওয়াজ মাফিক ফল হয়ে বড় হওয়া ও পরিপূর্ণ হওয়া অবধি ক্রেতা কর্তৃক গাছে রেখে দেওয়া ইত্যাদি এসব সুরত মূলতঃ ফাসিদ। তবে কোন অঞ্চলে এরূপ লেন-দেন যদি এত ব্যাপক হয়ে যায় যে, সাধারণ মানুষকে এর থেকে ফিরানো আর সম্ভব না হয় তাহলে উমূমে বালওয়া তথা ব্যাপক প্রচলনের কারণে তা বৈধ-বলেই গণ্য হবে।
(গ) আর যদি গাছে ফল আসার আগেই ফল বিক্রয়ের প্রচলন ব্যাপক আকার ধারণ করে তাহলে হানাফী মাযহাব মতে তা জায়েয হওয়ার কোন সুরত নাই। অবশ্য মালেকী মাযহাব মতে বাইয়ে সালাম হিসাবে উক্ত লেন-দেন সহীহ হতে পারে। শর্ত হল পূর্ণ মূল্য নগদ পরিশোধ হতে হবে। বা অনূর্ধ্ব তিন দিনের বাকীর শর্তে করা যাবে। অবশ্য বাকীর কোন শর্ত না করা হলে পরে যে কোন সময়েই পরিশোধ করা যাবে। (আহসানুল ফাতাওয়া ৬:৪৮৭-৪৯০)