গাভী ক্রয় করে দুধের দ্বারা মূল্য পরিশোধ

মুফতী মনসূরুল হক সাহেব১২ আগস্ট, ২০২৫লেনদেন কামাই রোজগার

প্রশ্ন

সমিতির পক্ষ থেকে এক লক্ষ দশ হাজার টাকার বিনিময়ে গাভী ক্রয় করে কোন ব্যক্তিকে দেয়া হলো যে, প্রতিদিন সকাল বিকাল আশি টাকা লিটার হিসেবে দুধ দিয়ে গাভীর টাকা পরীশোধ করবে। উল্লেখিত সুরত শরী‘আত সম্মত কি-না?

উত্তর

আপনি গরু বিক্রির যে সুরত উল্লেখ করেছেন যে, গাভীর নির্দিষ্ট দাম ঠিক করে বাকীতে বিক্রি করার পরে ক্রেতার নিকট থেকে নির্দিষ্ট মূল্যের বিনিময়ে নিদিষ্ট পরিমাণ দুধ দিয়ে গাভীর মূল্য পরিশোধ করবে। এ ধরনের ক্রয়-বিক্রয় শরী‘আত সম্মত নয়। কেননা, শরী‘আতে এমন শর্তের সাথে ক্রয়-বিক্রয় নিষেধ। যাতে ক্রেতা বা বিক্রেতার অতিরিক্ত ফায়দা হাসিল হয়। আপনাদের ক্রয়-বিক্রয়ের মধ্যে যেহেতু এমন শর্ত আরোপ করা হয়েছে অর্থাৎ নির্দিষ্ট মূল্যে নির্দিষ্ট পরিমান দুধ দিয়ে মূল্য পরিশোধ করবে। অথচ বাজারে এক লিটার দুধের মূল্য আশি টাকার কম বেশী হতে পারে। অতএব, আপনাদের উক্ত ক্রয়-বিক্রয় সহীহ হবে না।

তবে ক্রেতার কাছ থেকে বৈধভাবে কিস্তিতে টাকা গ্রহণ করতে চাইলে প্রতিদিন বা প্রতিমাসে কত টাকা দিতে হবে তা নির্ধারিত করে দিবে। তারপর যদি ক্রেতা টাকার পরিবর্তে বাজারদর হিসেবে দুধ দিয়ে কিস্তি শোধ করে, তাহলে শরী‘আতের দৃষ্টিতে তাতে কোন অসুবিধা নেই। (ফাতাওয়া মাহমূদিয়া ১৩:৩৩২)

গাভী ক্রয় করে দুধের দ্বারা মূল্য পরিশোধ | ইসলামী যিন্দেগী