নাপাক শরীর ও নাপাক কাপড় ধোয়া পানির ছিটা ও গোসলান্তে গায়ে লেগে থাকা পানির হুকুম
প্রশ্ন
(ক) নাপাক কাপড় ধৌত করার সময় সাবান ও পানি মিশ্রিত ছিটা শরীরে লাগলে শরীর নাপাক হবে কি?
(খ) ফরয গোসলের পর শরীরে যে পানি লেগে থাকে তা না মুছে কাপড় পরিধান করলে সে কাপড় নাপাক হবে কি? ফরয গোসল করার সময় শরীর থেকে পানির ছিটা কাপড়ে পড়লে তা নাপাক হবে কি?
উত্তর
(ক) যে সমস্ত কাপড় সম্পর্কে দৃঢ় ভাবে জানা যায় যে, কাপড়টি নাপাক, ঐ কাপড় ধৌত করার সময় সাবান পানি মিশ্রিত ছিটাগুলোও নাপাক হবে। তাই যে সমস্ত অঙ্গে উক্ত পানির ছিটা পড়বে, ঐ অঙ্গগুলো অবশ্যই ধৌত করে নিতে হবে। কারণ, অল্প পানির মধ্যে নাপাক পতিত বা মিশ্রিত হওয়ার দ্বারা পানি নাপাক হয়ে যায়। কিন্তু উক্ত পানির ছিটার কারণে সমস্ত শরীর নাপাক হবে না।
(খ) নাপাকী থেকে গোসল করার পর শরীরে যে পানি লেগে থাকে তা না মুছে কাপড় পরিধান করলে তা নাপাক হবে না। আর ফরয গোসল করার সময় শরীর থেকে পানির ছিটা পড়লে উক্ত কাপড়ও নাপাক হবে না। কারণ এ ধরনের পানির ছিটা নাপাক নয়। তবে শর্ত হল গোসলের পূর্বেই শরীরের বাহ্যিক নাপাকী দূর করে নিতে হবে। [প্রমাণঃ আহসানুল ফাতাওয়া, ২:৪১ #ফাতাওয়া আলমগীরী, ১:২৩, ১:১৫]