টিভি তে প্রচারিত ইসলামী প্রোগ্রাম দেখা হারাম

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)১০ মার্চ, ২০২৫কুফর শিরক বিদ‘আত কুসংস্কার অপসংস্কৃতি, সামাজিকতা আচার ব্যবহার ও রাজনীতি

প্রশ্ন

টিভিতে প্রচারিত কোন আলেমের বয়ান শুনা বা ক্রিকেট খেলা দেখা জায়েয আছে কি?

উত্তর

নিম্নলিখিত কারণগুলির ভিত্তিতে টি.ভি. দেখা হারাম।

(১) এতে আসলের পরিবর্তে সাধারণতঃ ফিল্ম দেখানো হয়। যা ছবি হওয়ার কারণে হারাম। এমনকি যে মজলিসে ছবি থাকে সেখানে ও যাওয়া হারাম।

(২) ঘোষণাকারী সাধারণতঃ মহিলা হয়ে থাকে। আর মহিলার প্রতিবিম্ব দেখাও হারাম, চাই সেটা ছবি হোক বা সরাসরি প্রতিচ্ছবি হোক।

(৩) ঘোষিকা ছাড়াও আরো অনেক মহিলার আগমন টি. ভি পর্দায় হয় যাদেরকে পুরুষরা দেখতে থাকে। অনুরূপ ভাবে পুরুষদেরকেও মহিলারা দেখতে থাকে। অথচ গায়ের মাহরাম নারী-পুরুষের একান্ত ঠেকা ছাড়া একে অন্যকে দেখা সম্পূর্ণ হারাম।

(৪) কুস্তি, সাতার ইত্যাদি প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা সতর খোলা অবস্থায় থাকে অথচ কারো সামনে সতর খোলা বা অন্য কারো সতর দেখা হারাম।

(৫) গান-বাজনা সহ অনেক অশ্লীল-নির্লজ্জ প্রোগ্রাম হয়ে থাকে যা দেখা শোনা হারাম।

(৬) টি.ভির এসব খারাবির কারণে আজ সমাজে যেনা-ব্যভিচার খুন- ধর্ষণ চুরি ডাকাতি সহ অনেক অপরাধ ছড়িয়ে পড়েছে। এমনকি আপন ভাই-বোন ও বাপ-মেয়ের মধ্যে অবৈধ সম্পর্কের কথা পত্র-পত্রিকায় পর্যন্ত প্রকাশিত হচ্ছে।

(৭) সমস্ত বিজ্ঞানীরা এ ব্যাপারে একমত যে, টিভি দেখা এমনকি টিভির নিকটে বসাও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

(৮) টি.ভির অধিকাংশ প্রোগ্রামই এমন যাতে দ্বীন বা দুনিয়ার কোন লাভ হয় না, আর যাতে কোন লাভ নেই তা করা নিষেধ।

(৯) টিভির মত আনন্দ-ফুর্তির একটা মাধ্যম যার দ্বারা সমাজে শুধু নির্লজ্জতা আর বেহায়াপনাই ছড়াচ্ছে তাতে যদি কোন দ্বীনী প্রোগ্রাম দেখানো হয় এবং সেটাকে ইসলাম প্রচার নাম দেয়া হয় তাহলে সেটা দ্বীনের অবমাননা ছাড়া আর কী হতে পারে?

একজন মুসলমান এটাকে কখনো সহ্য করতে পারে না।

(১০) কেউ যদি শত ইচ্ছাও করে যে, শুধু মাত্র জায়েয প্রোগ্রামই দেখবে তবুও হারাম থেকে বাঁচা তার জন্য অসম্ভব ব্যাপার।

এসব ছাড়াও আরো অনেক কারণ রয়েছে যার জন্য টি.ভি দেখা সম্পূর্ণ হারাম। বিস্তারিত জানার জন্য "টি, ভি.দেখার ভয়াবহ পরিণাম' পুস্তকটি দেখতে পারেন। (আহসানুল ফাতাওয়া- ৮-২০০)

টিভি তে প্রচারিত ইসলামী প্রোগ্রাম দেখা হারাম | ইসলামী যিন্দেগী