বা’দাল জুমু‘আ ছয় রাকাত না চার রাকাত
প্রশ্ন
জুমু’আর ফরযের পর সুন্নাতে মুআক্কাদাহ নামায ৪ রাক’আত নাকি ৬ রাক’আত পড়তে হবে? আর তা পড়ার নিয়ম কি?
উত্তর
জুমু’আর নামাযের সুন্নাতে বা’দিয়া অর্থাৎ ফরযের পরবর্তী সুন্নত সম্বন্ধে হানাফী উলামাদের মধ্যে মতভেদ আছে। ইমাম আবূ হানীফা রহ. ৪ রাক’আত এবং সাহেবাইন ৬ রাক’আত বলেছেন। দু’টি কারণে ৬ রাক’আত প্রাধান্য দেয়া হয় প্রথমতঃ ৬ রাক’আত পড়লে, ৪রাক’আত পড়া হয়ে যায়। কিন্তু ৪ রাক’আত পড়লে ৬ রাক’আত পড়া হয় না। অতএব, ৬ রাক’আতের উপর আমল করলে, উভয় ক্বওলের উপর আমল হয় এবং মতভেদ থেকে বাঁচা যায়। [প্রমাণঃ আল-বাহরুর রায়িক ২:৪৯পৃঃ# ফাতাওয়া দারুল উলূম ৫:১৩৬ আযীযুল ফাতাওয়া ১:২৪০]
দ্বিতীয়তঃ ফিকাহ এর উসূল এই যে, ইবাদতের মধ্যে সর্বদাই আবূ হানীফা রহ. এর ক্বওলের উপর আমল করতে হয়। কিন্তু যদি আবূ হানীফা ক্বাওল অন্য মাযহাবের মুজতাহিদদের ক্বওলের সাথে মিলে যায়, তবে সাহেবাইনের ক্বওলের উপর আমল করা হয়। আর এই ক্ষেত্রে ইমাম আবূ হানীফা রহ.-এর ক্কওল ইমাম শাফেয়ী রহ. এর একটি ক্বওলের সাথে মিলে যায়। অতএব, সাহেবাইনের ক্বওলের উপর আমল করা বাঞ্ছনীয়। এই ৬(ছয়) রাক’আত পড়ার তারতীব হল-প্রথমে ৪ রাক’আত ও পরে দু’রাক’আত পড়বে। [প্রমাণঃ দরসে তিরমিযী ২:২৯]