ঘুষ দিয়ে চাকুরী গ্রহণ
প্রশ্ন
ঘুষ দিয়ে চাকুরী নেয়া কতটুকু পাপ। যে ঘুষ দিয়েছে এবং যে গ্রহণ করেছে, তাদের উভয়ের পাপ কি সমান হবে? যে ঘুষের ব্যাপারে সহযোগিতা করেছে, সে কতটুকু পাপ করেছে?
উত্তর
ঘুষ নেয়া সর্বাবস্থায় হারাম এবং কবীরা গুনাহ। আর সাধারণ অবস্থায় ঘুষ দেয়াও হারাম এবং কবীরা গুনাহ। তবে জান-মাল ও ইজ্জত থেকে জুলুম দূর করার জন্য বা বৈধ জিনিস রক্ষা করার জন্য অপারগ হয়ে ঘুষ দেয়ার অবকাশ আছে। এ ক্ষেত্রে ঘুষ দাতা গুনাহগার হবে না, তবে ঘুষ গ্রহীতা সর্ব অবস্থায় গুনাহগার হবে। ঘুষ দিয়ে চাকুরী নেয়ার ব্যাপারে শর‘ঈ হুকুম হলো,
(ক) যদি আর্থিক অবস্থা অসচ্ছল হয় এবং আর্থিক সংকটের কারণে চাকুরী করা অত্যাবশ্যক হয়ে পড়ে এবং
(খ) ঘুষ ছাড়া যদি কোন রকম চাকুরী না পাওয়া যায় এবং
(গ) তার মধ্যে আবেদনকৃত পদের দায়িত্ব পালনের যথাযথ যোগ্যতাও থাকে, তাহলে তার প্রাপ্য হক ও অধিকার আদায়ের জন্য অপারগ অবস্থায় ঘুষ দিয়ে চাকুরী নেয়ার অবকাশ আছে। এতে দাতার কোন গুনাহ হবে না। কিন্তু গ্রহীতার মারাত্মক গুনাহ হবে। আর যদি উল্লেখিত শর্ত সমূহ না পাওয়া যায়, তাহলে ঘুষ দিয়ে চাকুরী নেয়া জায়েয হবে না। (প্রমাণঃ তিরমিযী শরীফ ১:২৪৮ # ইবনে মাযাহ শরীফ, ১৬৭)