মসজিদে মিউজিক ঘড়ি ব্যবহার
প্রশ্ন
আমাদের দেশের অনেক মসজিদে এমন দেয়াল ঘড়ি লাগানো হয়, যেগুলো গানের আওয়াজের মত আওয়াজ করে। তাতে মিউজিক বাজে। এমন ঘড়ি মসজিদে রাখা জায়িয হবে কিনা?
উত্তর
ঘণ্টাযুক্ত ঘড়ি মসজিদে রাখার একমাএ উদ্দেশ্য হচ্ছে সময় মত নামায আদায় করা এবং নামাযের সঠিক সময় নির্ণয় করা। সে মতে ঘন্টাযুক্ত ঘড়ি দ্বারা সঠিক সময় নির্ণয় করতে পারেন। কিন্তু তাই বলে গান বাজনার আওয়াজ মসজিদে প্রবেশ করানো জায়িয নয়। এমন কোন কিছু যা নামাযের একাগ্রতা বিনষ্ট করে তা মসজিদে সংরক্ষণ জায়িয নয়। তাই তো ফুকাহায়েকিরাম মসজিদের ভিতর কিবলার দিকের দেয়ালে সুন্দর কারুকার্য করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। কেননা, এতে নামাযের একাগ্রতা বিনষ্ট হয়। প্রশ্নে উল্লেখিত বাদ্যযন্ত্র যুক্ত ঘড়িটি পাল্টে সাধারণ ঘন্টাযুক্ত ঘড়ি লাগাতে হবে। নবী ﷺ তো বাদ্যযন্ত্র, মূর্তি ইত্যাদি মিটানোর জন্য দুনিয়াতে এসেছিলেন। সেই বাদ্যযন্ত্র মসজিদের ভিতরে বা কোন মুসলমানের ঘরের ভিতরে রাখা কিভাবে জায়েয হতে পারে? এসবই বিধর্মীদের ষড়যন্ত্র। মুসলমানদেরকে আল্লাহর রহমত থেকে দুর সরানোর জন্য এভাবে একটা করে বিভিন্ন ফন্দি তারা পেশ করছে। আর মুসলমানরা সেগুলোকে বিনা দ্বীধায় গ্রহণ করেছে ও ক্ষতিগ্রস্ত হচ্ছে। [প্রমাণঃ ইমদাদুল ফাতাওয়া ২:৭৯৯; ফাতাওয়ায়ে রাহীমিয়া ৬:১৩১; আযীযুল ফাতাওয়া ৭৯৪]