স্ত্রীর কাছে মাফ চাওয়া

মুফতী মনসূরুল হক সাহেব১৬ জানুয়ারি, ২০২৫বিবাহ তালাক

প্রশ্ন

কোন এক ব্যক্তি ৫০ হাজার বা তার চেয়ে কম বেশী দেনমহর ধার্য করে বিয়ে করল। বিয়ের সময় নগদ টাকা দিল না। পরে যদি সে স্বামী তার স্ত্রীর কাছে মহর মাফ চায়, স্ত্রী যদি মাফ করে দেয়, তাহলে এ ধরনের বিয়ে সহীহ হবে কি?

উত্তর

যদি কোন ব্যক্তি দেনমহর ধার্য করে বিবাহ করে তাহলে, তার জন্য ভাল হচ্ছে যে, মেলামেশার আগে উক্ত দেনমহর পরিশোধ করে দেয়া। কেননা, এটা হচ্ছে স্ত্রীর হক বা প্রাপ্য এবং এটা স্বামীর দ্বায়িত্বে একটা ঋণ যা অন্যান্য ঋণের মত পরিশোধ করা জরুরী। তবে স্ত্রী যদি ইচ্ছাকৃতভাবে সন্তুষ্টচিত্তে মহরের টাকা হাতে পাওয়ার পর স্বামীকে মহরের কিছু অংশ বা পূর্ণ মহর হেবা করে দেয়, তাহলে মাফ হয়ে যাবে। কিন্তু চাপে পড়ে মাফ করলে লৌকিকতার দ্বারা মহর মাফ হয় না। সম্পূর্ণ সন্তুষ্টচিত্তে মাফ করলেই মাফ হয়। এতে বিবাহ বন্ধনে কোন অসুবিধা বা ক্ষতি হবে না। তবে স্বামীর জন্য এটা হালাল নয় যে, মহর মাফ করানোর জন্য স্ত্রীকে চাপ প্রয়োগ করা বা দুর্ব্যবহার করা বা অন্য কোন হিলা করা। এভাবে মাফ করালেও মাফ হবে না। স্বামীর উচিৎ একবারে বা অল্প অল্প করে মহরের টাকা স্ত্রীকে পরিশোধ করে দেয়া। টাকা হাতে পাওয়ার পর স্ত্রী যদি কিছু অংশ খুশী হয়ে স্বামীকে হাদিয়া দেয়, তাহলে তা স্বামীর জন্য হালাল হবে। টাকা হাতে না দিয়ে অন্তরের সন্তুষ্টি বুঝা মুশকিল। এ জন্য হাতে দেয়ার কথা হযরত থানবী রহ. তার তাফসীরে উল্লেখ্য করেছেন।

[প্রমাণঃ মা‘আরিফুল কুরআন, ২:২১৯, ২:২৯৮ #হিদায়া ২:৩২৫, ২:৩২২]

স্ত্রীর কাছে মাফ চাওয়া | ইসলামী যিন্দেগী