রাগ করে কথা না বলা

মুফতী মনসূরুল হক সাহেব১৪ আগস্ট, ২০২৫বান্দার হক, সামাজিকতা আচার ব্যবহার ও রাজনীতি

প্রশ্ন

আমার এক আত্মীয় জমি জরিপ করার সময় আমাদের কিছু জমি রেকর্ড করে নেয়। পরবর্তীতে বহু কৌশলে অবশ্য সেই জমি উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য যে, জমি উদ্ধারকালে পরস্পরে তুমুল বাক-বিতণ্ডা ও উত্তম মাধ্যম হয়। এ ঘটনার পর থেকে আমরা তাকে সালাম দিলে সে সালামের উত্তর দেয় না। অথচ রাসূলে আকরাম ﷺ এর শিক্ষা অনুযায়ী কোন-মুসলমানের ডাক্ষে অপর মুসলমানের সাথে ৩ দিনের বেশী সময় কথা বন্ধ রাখা যায় না, তাই আমি তাকে নিয়মিত সালাম দিয়েছি; কিন্তু সে এর কোন উত্তর না দেয়ায় তার সাথে কথা-বার্তা বলা আপাতত বন্ধ রেখেছি। তাতে আমার গুনাহ হবে কি?

উত্তর

কোন মুসলমান ব্যক্তির জন্য অপর মুসলমান ভাইয়ের সাথে পার্থিব কোন বিষয়ে মনোমালিন্য হলে তিন দিনের বেশী সময় কথা-বার্তা বন্ধ রাখা হারাম। কেননা, রাসূলে আরকাম ﷺ ইরশাদ করেছেন, কোন মুসলমানের জন্য তার অপর মুসলমান ভাই এর সাথে তিন দিনের বেশী সময় কথা-বার্তা বন্ধ রাখা জায়িয নয়। তিন দিনের মধ্যে একজন অপর জনের সাথে সাক্ষাৎ করে সালাম দিবে। যদি দ্বিতীয় ব্যক্তি সালামের জবাব দেয়, তাহলে উভয়েই সওয়াবের মধ্যে শামিল হবে। আর যদি সে সালামের জবাব না দেয়, তাহলে গুনাগার হবে তবে এ ক্ষেত্রে সালাম প্রদানকারী সম্পর্ক ছিন্ন করার গুনাহ থেকে মুক্তি পাবে। এরূপ আরো অনেক হাদীস রয়েছে, যেগুলোতে এ ধরনের সম্পর্ক ছিন্নকারী ব্যক্তিকে কঠিন পরিণামের ধমকি দেয়া হয়েছে। এ সকল হাদীসের প্রতি লক্ষ্য করে বলা যায়, আপনার আত্মীয় যদি কেবলমাত্র পার্থিব কোন কারণে আপনার সাথে কথা বন্ধ করে থাকেন, তাহলে সে হারাম কাজ করেছে। আর আপনি যেহেতু সালাম দিয়ে কথা বলার চেষ্টা করেছেন, এর দ্বারা আপনি দায়িত্ব মুক্ত হয়েছেন। ফলে আপনার কোন গুনাহ হবে না। তবে আপনার জন্য সালাম দেয়া জারি রাখা উচিত। কারণ, হয়তবা এরূপ দেখে একদিন অর অন্তরও নরম হবে।

আর যদি কথা না বলার মধ্যে শরয়ী কোন কারণ থাকে অথবা আপনার আত্মীয় যদি ন্যায় সংগতভাবে তাঁর স্বীয় প্রাপ্য অংশ রেকর্ড করে থাকে, আর আপনারা অন্যায়ভাবে তার সঙ্গে দুর্ব্যবহার করে থাকেন, তাহলে আপনাদের সতর্ক হওয়া ও সংশোধন হয়ে যাওয়া অপরিহার্য। অন্যথায় আপনিও গুনাহগার হবেন। আর যদি উক্ত জমি অন্যায়ভাবে লিখে নিয়ে সেটাকে রেকর্ড করে থাকে, তাহলে ধোঁকাবাজীর জন্য আপনার নিকট তার মাফ চাওয়া উচিত। [প্রমাণঃ আবু দাউদ, ২:৬৭৩, #মুসলিম শরীফ ২:৩১৬ #ফাতাওয়া রহীমিয়া ৯:৩৩৮]

রাগ করে কথা না বলা | ইসলামী যিন্দেগী