মাদরাসার জন্য দানকৃত টাকা নিজ কাজে ব্যবহার করা
প্রশ্ন
এক ব্যক্তি আমার নিকট এই বলে ছয়শত টাকা দিয়েছে যে, তার পিতা-মাতার রূহের মাগফিরাতের জন্য আরবী এক সেট বুখারী শরীফ ক্রয় করে কোন একটা মাদরাসায় দান করে দিতে। এখন আমি যদি সেই টাকাগুলো দিয়ে আরবী বুখারী শরীফ ক্রয় না করে এবং মাদরাসায় না দিয়ে ধর্মীয় কিছু কিতাব ক্রয় করে আমার নিকট রেখে নিজে পড়ি, তাহলে তা আমার জন্য জায়িয কি-না?
উত্তর
বর্ণিত অবস্থায় আপনি ছয়শত টাকা দিয়ে আরবী বুখারী শরীফ ক্রয় করে মাদরাসায় দান করার জন্য দাতার পক্ষ থেকে উকিল হয়েছেন। আর উকিলের জন্য মুআক্কিলের পক্ষে থেকে উল্লেখিত খাত ছাড়া ভিন্ন কোন খাতে ব্যয় করা বা নিজের জন্য ব্যয় করা সম্পূর্ণরূপে নাজায়িয ও খিয়ানতের সমতুল্য। যদি আপনি এ ধরনের কোন কিছু করে থাকেন, তবে আপনার করণীয় হল উল্লেখিত পরিমাণ টাকা জরিমানা দিয়ে শর্ত অনুযায়ি এক সেট আরবী বুখারী শরীফ ক্রয় করে কোন মাদরাসায় ওয়াকফ করে দেয়া। [প্রমাণঃ সূরা মুমিনুন ৮; সূরা নিসা ইমদাদুল ফাতাওয়া ৩:৩১৯]