ব্যক্তিগত কাজে মসজিদ মাদরাসার জিনিস ব্যবহার করা

মুফতী মনসূরুল হক সাহেব৩ জানুয়ারি, ২০২৬মসজিদ মাদরাসা

প্রশ্ন

মসজিদের বা মাদরাসার কোন আসবাবপত্র কোন ধর্মীয় বা বিবাহ অনুষ্ঠানে, ইমাম বা মহল্লার অন্য কোন লোক ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারবে কিনা? যদি শরী‘আতের দৃষ্টিতে ব্যবহার নিষেধ হয়ে থাকে, অথবা ইলম না থাকার কারণে ব্যবহার করে থাকে তবে শরী‘আতের বিধান মত ফায়সালা কি? এবং মসজিদের পুরাতন, ছিড়া তাবুর কাপড় ইস্তেঞ্জার কাজে ব্যবহার করা যাবে কি না?

উত্তর

মসজিদের আসবাবপত্র ব্যক্তিগত কাজে বা অন্য কোন দুনিয়াবী কাজে ব্যবহার করা জায়িয নয়। এমনিভাবে মসজিদের জিনিস মসজিদের বাহিরে কোন ধর্মীয় কাজেও ব্যবহার করা জায়িয নয়।

তবে হ্যাঁ, ঐ সব জিনিসের ওয়াকফকারী যদি ওয়াকফ করার সময় মসজিদ ও মসজিদের আমানদারী জন্য অন্যান্য দুনিয়াবী বা দ্বীনী কাজে ব্যবহার অনুমতি দিয়ে থাকেন, তাহলে ওয়াকফকারী যতটুকু অনুমতি দিয়েছেন, ততটুকু মধ্যে মসজিদের আয়ের জন্য ধর্মীয় বা অন্য কোন দুনিয়াবী কাজে ব্যবহার করা যাবে।

তেমনীভাবে মাদরাসার জন্য ওয়াকফকৃত জিনিসও কেউ ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারবে না। পিছনের ভুলের জন্য আল্লাহ তা‘আলার দরবারে তাওবা করে নিবে এবং মসজিদ মাদরাসায় কিছু টাকা দিয়ে দিবে।

মসজিদের জিনিস মসজিদের কাজে না আসলে তা খরিদ করে নিজস্ব কাজে লাগানো যাবে, তবে কোন নাপাক স্থানে ব্যবহার না করা চাই। মসজিদে ব্যবহৃত তাবু দ্বারা ইস্তিঞ্জা করা মসজিদের ইহতেরামের পরিপন্থী বিধান, না করাই উচিৎ। [প্রমাণঃ ফাতাওয়া শামী ৪:৩৬৬; ফাতাওয়া রাহীমিয়া ৬:১০৬; ফাতাওয়া মাহমূদিয়া ৬:২০৫]

ব্যক্তিগত কাজে মসজিদ মাদরাসার জিনিস ব্যবহার করা | ইসলামী যিন্দেগী