পড়া মনে থাকার গুরুত্বপূর্ন পরামর্শ

মুফতী মনসূরুল হক সাহেব৬ জানুয়ারি, ২০২৬উলামা তোলাবা, বিবিধ

প্রশ্ন

আমি যখন বই ও কিতাব পড়ি, তখন অনেক কষ্টে মুখস্ত করি, কিন্তু দু‘এক দিনেই ভুলে যাই। এমনকি একেবারে বলতেই পারি না, কি করলে মুখস্ত থাকবে?

উত্তর

পড়া মনে থাকার জন্য আপনাকে তিনটি কাজ করতে পরামর্শ দেয়া হচ্ছেঃ

(এক) স্মরণশক্তি লোপ পায়, এমন কাজ থেকে বিরত থাকবেন। বিশেষ করে গুনাহের কারনে স্মরণশক্তি লোপ পেয়ে থাকে। তাই সকল প্রকার গুনাহ থেকে বাঁচতে হবে।

(দুই) স্মরণশক্তি বাড়ার জন্য তদবির-চিকিৎসা করবেন।

(তিন) পড়ার সময় বিশেষ কিছু নিয়ম মেনে চলবেন। এতে আশা করি, পড়া মনে থাকবে। উল্লেখিত বিশেষ বিশেষ বিষয়ে বিশ্লেষণ করছি।

(এক) স্মরণশক্তি লোপ পাওয়ার কারনসমূহঃ

১। গুনাহ করা। ২। অধিক হাসি-ঠাট্টা করা। ৩। কবরের সম্মুখে হাসা। ৪। ইস্তিঞ্জার স্থানে উযু করা। ৫। মসজিদে নিয়মের উল্টো অর্থাৎ বাম পা দিয়ে প্রবেশ করা এবং ডান পা দিয়ে বের হওয়া। ৬। লজ্জাস্থানের দিকে তাকানো। ৭। দুনিয়ার জন্য সর্বদা চিন্তিত থাকা। ৮। দুনিয়ার কাজ-কর্মের মধ্যে অধিক লিপ্ত থাকা। ৯। গোসল ফরয হওয়ার পর আসমানের দিকে তাকানো। ১০। রাস্তার মধ্যে পস্রাব করা। ১১। ফলদার বৃক্ষের নীচে পস্রাব করা বা আবদ্ধ পানিতে পস্রাব করা ইত্যাদি। [প্রমাণঃ ফাতাওয়া শামী ১:২২৫]

(দুই) স্মরণশক্তি বাড়ার জন্য তদবীর

(ক) স্মরণশক্তি বাড়ার জন্য দু‘ধরনের কাজ করতে পারেনঃ (ক) দু‘আ কালাম পড়া যেমন, প্রতিদিন ফজরের পর রাব্বিশ রাহলি......। (১৬ পারার সূরা ত্বোহার ২৫-২৮ নং মোট ৪ আয়াত ২১ বার পড়বেন।) যখন বই/কিতাব পড়া শুরু করবেন, তখন এ আয়াতগুলো কয়েকবার পড়ে নিবেন।

(খ) স্মরণশক্তি বাড়ার জন্য ডাক্তারী চিকিৎসা করা, হোমিওপ্যাথিতে ‘anacardiam’ (আনাকার্ডিয়াম) ৩০ শক্তি প্রতিদিন ১ ফোঁটা করে পানির সাথে মিশিয়ে খেলেও স্মরণশক্তি বাড়ে বা হেকিমী ঔষুধ-খামিরায়ে গাওযবান যাওয়াহের ওয়ালা খাবেন।

(তিন) পড়ার সময় যে সব নিয়ম খেয়াল রাখা উচিতঃ (১) রুটিন মাফিক নিয়মিত পড়া। নিয়ম বিহীন পড়ার দ্বারা ক্ষতি বেশী। পড়ার সময় কোন অন্য ফিকির না করা। যথাসম্ভব পরিষ্কার-পরিচ্ছন্নভাবে সুস্থ মন নিয়ে পড়তে চেষ্টা করা। সামনের ক্লাসের পড়াটা একবার দেখে ক্লাসে যাবেন। (২) যে অধ্যায় পড়বেন, সে অধ্যায় কয়েকবার পড়ে তার মূল কথা কয়েকটা পয়েন্ট করে শুধুমাত্র পয়েন্টগুলো ভাল করে মুখস্ত করবেন এবং খাতায় লিখবেন। একবার মুখস্ত করার পরবর্তীতে পড়ার সময়ে পয়েন্টগুলো মনে করার চেষ্টা করবেন। আপনার পড়ার সাথীকে বা বন্ধুকে পয়েন্টগুলো বলবেন এবং আবার তার কাছ থেকে শুনবেন। এভাবে কয়েকবার পড়বেন। আশা করা যায়, এতে ভাল মুখস্ত হবে এবং মনে থাকবে।

পড়া মনে থাকার গুরুত্বপূর্ন পরামর্শ | ইসলামী যিন্দেগী