কা’বা শরীফ বা মাজারের ছবি অংকিত পাথর মেহরাবে লাগানো
প্রশ্ন
আমাদের এলাকার জামে মসজিদের মেহরাবের মাঝে এমন কতগুলো পাথর লাগানো হয়েছে, সে সকল পাথরের মধ্যে কা’বা শরীফের, বড় পীর সাহেবের ও খাজা মঈনুদ্দীন সাহেবের মাজারের ছবি অংকিত। এ জাতীয় পাথর মসজিদের মেহরাবে লাগানো ইসলামী দৃষ্টি ভঙ্গিতে জায়িয হয়েছে কিনা?
উত্তর
মসজিদ নির্মাণের মূল উদ্দেশ্য হলো, নামায আদায়, কুরআন তিলাওয়াত, যিকির করা ইত্যাদি। যদি মসজিদের মেহরাব তথা সামনের অংশ এমন কারুকার্ষ বা ছবি অংকিত থাকে, যার দিকে নামাযীর দৃষ্টি পড়বে এবং খুশু-খুজু নষ্ট হবে তাহলে উক্ত কারুকার্য বা নকশা অংকন করা, মসজিদে নির্মাণের আদব পরিপন্থী এবং মাকরূহ কাজ বলে বিবেচিত হবে। এছাড়া হাদীস শরীফে বর্ণিত আছে, মসজিদ সুসজ্জিত করা এবং খুব শানদার করা কিয়ামতের আলামত সমূহের একটি। [প্রমাণঃ ফাতাহুল কাদীর ১:৩৬৮]
প্রশ্নে উল্লেখিত আপনাদের মসজিদ মেহরাবে কা’বা ঘরের ছবি ও খাজা সাহেবের মাজারের ছবি অংকিত পাথর লাগানো মাকরূহ হয়েছে। [প্রমাণঃ আদদুরুল মুখতার ১:৬৫৮; কিফাতুল মুফতী ৩:১৪০; ফাতাওয়া রাহীমিয়া ২:১৬৯; নাফউল মুফতী ৩৬৮]