নিজ মেয়ের জামাইকে যাকাত দেয়ার হুকুম

মুফতী মনসূরুল হক সাহেব১১ জানুয়ারি, ২০২৫যাকাত

প্রশ্ন

আমার মেয়েকে বিবাহ দিয়েছি। কিছু দিন পরে আমার মেয়ের জামাই গরীব হয়ে গেল। নিসাব পরিমাণ মালামাল নেই। যাকাত-ফিতরা খাওয়ার উপযুক্ত। এখন আমার প্রশ্ন হলো, আমি তাদেরকে যাকাত-ফিতরা দিলে তারা খেতে পারবে কি-না?

উত্তর

যাকাত-ফিতরা নিজের উসুল বা ফুরূ অর্থাৎ আপনি যাদের থেকে দুনিয়ায় এসেছেন যেমন, মা-বাবা, দাদা-দাদী, নানা-নানী, এমনি যত উপরের দিকে যাবে এবং আপনার থেকে যারা দুনিয়ায় এসেছে, যেমন, আপনার ছেলে-মেয়ে এবং তাদের সন্তানাদি এমনিভাবে যত নীচে যাবে, তাদেরকে যাকাত ফিতরা দিতে পারবে না। যাকাত- ফিতরা তাদেরকে দিলে যাকাত আদায় হবে না। মেয়েকে বিবাহ দেওয়ার পরে তার খোরপোষ ইত্যাদি দেয়া তার স্বামীর দায়িত্ব। আর মেয়ের জামাই যেহেতু উসুল ও ফুরূর মধ্যে শামীল নয়, তাই জামাইকে আপনার যাকাত থেকে সাহায্য দিতে পারবেন। নিজের গরীব আত্মীয়-স্বজনকে যাকাত থেকে সাহায্য অধিক ফযীলতের কথা হাদীসে উল্লেখ আছে। তবে তাদেরকে যাকাতের মাল হাদিয়া বলে দেয়ার নিয়ম, যাতে যাকাতের কথা শুনার কারণে তাদের মনে ব্যাথা না লাগে। জামাইকে যাকাত প্রদান করার পর সে উক্ত টাকার মালিক হয়ে নিজের সংসারের যে কোন জরুরতে খরচ করতে পারবে। কিন্তু সরাসরি মেয়েকে বা মেয়ের সন্তানাদিকে আপনার যাকাত- ফিতরা দেয়া জায়িয হবে না। আপনি মেয়েকে বা তার সন্তানাদিকে কিছু দিতে চাইলে, তা যাকাত থেকে নয়, বরং আপনার আসল মাল থেকে হাদিয়া হিসাবে দিতে হবে। [প্রমাণঃ আল-রাহরুর রায়িক ২:৪২৫ #আহসানুল ফাতওয়া ৪:২৬৯ #তাফসীর মাআরিফুল কুরাআন (উর্দু) ৪:৪১২]

নিজ মেয়ের জামাইকে যাকাত দেয়ার হুকুম | ইসলামী যিন্দেগী