স্বামী মারা যাওয়ার পরে অলংকার পরিধান করা
প্রশ্ন
কোন মহিলার স্বামী মারা গেলে উক্ত মহিলার জন্য গহনাগাটি পরা জায়েয আছে কি? আমাদের এলাকায় লোকেরা বলে যে স্বামী মারা গেলে মহিলার নাকফুল খুলে ফেলা নাজায়েয। এ ব্যাপারে শরী‘আতের বক্তব্য কি?
উত্তর
কোন মহিলার স্বামী মারা গেলে তাকে চার মাস দশ দিন অথবা গর্ভবতি হলে বাচ্চা প্রসব হওয়া পর্যন্ত ইদ্দত পালন করতে হয়। ইদ্দত পালনের এই সময়গুলিতে সৌন্দর্য্য প্রকাশক বা সৌন্দর্য্য বর্ধক কোন কিছু ব্যবহার করা যাবে না। একদম সাদাসিদা থাকতে হবে। এ সময়ে আতর সুগন্ধি ব্যবহার করা যাবে না। গায়ে খুশবুদার তেল ব্যবহার করা যাবে না, মেহদী, সুরমা, জাফরান ব্যবহার করা যাবে না, লাল, রেশমী জাফরান রং মিশ্রিত কাপড় পরিধান করা যাবে না। এমনকি সৌন্দর্য্য প্রকাশের জন্য মাথাও আচড়ানো যাবে না, তবে বেশী অস্থির হয়ে পড়লে হালকা ভাবে চুলের এলোমেলো ভাব দূর করতে পারবে। এ সময়ে সকল প্রকারের অলংকার খুলে ফেলতে হবে। কোন প্রকার অলংকার ব্যবহার করতে পারবে না। সুতরাং নাকফুল ও খুলে ফেলতে হবে। এ ইদ্দত পালন স্বামীর প্রতি শোক প্রকাশ হিসেবে শরী‘আত কর্তৃক নির্ধারিত। এ ব্যাপারে শরী‘আতে জোর তাগিদ দেয়া হয়েছে। কিন্তু ইদ্দতের মেয়াদ শেষ হয়ে গেলে আবার সৌন্দর্য প্রকাশকারী সবকিছুই ব্যবহার করতে পারবে, কোন মানা নেই। বিধবা মহিলাদের ইদ্দত শেষে নাকফুল ব্যবহারে কোন দোষ নেই। অথচ আমাদের সমাজে মুর্খতা বশত মনে করা হয় স্বামী না থাকলে নাকফুল ব্যবহার করা যাবে না, এটা নিছক ভ্রান্ত ধারণা। অনুরূপ ভাবে বিধবা মহিলাদের জন্য সাদা কাপড় পরাও জরুরী নয়। (ফাতওয়া আলমগীরী ২-৫৩৩; ফাতওয়া দারুল উলুম ১০-৩১৯)