চুক্তিভিক্তিক গোপন রোগের চিকিৎসা করা

মুফতী মনসূরুল হক সাহেব১২ আগস্ট, ২০২৫লেনদেন কামাই রোজগার

প্রশ্ন

জনৈক ডাক্তারের একটি বিজ্ঞাপনে লেখা ছিল ১০০% গ্যারান্টি সহকারে চিকিৎসা প্রদান করা হয়, বিফলে মূল্য ফেরত। আমি একটি গোপন রোগে ভুগছিলাম। সুতরাং, তার নিকট গিয়ে অবস্থার বিস্তারিত বর্ণনা দিলে তিনি ৯০০০/- টাকা দাবী করেন। আমি তাতে সম্মত না হলে তিনি ৬০০০/- টাকায় আমার চিকিৎসা করাবেন এবং রোগ সম্পূর্ণ ভাল হবে এই আশ্বাস প্রদান করলেন। বহু কষ্টে আমি ৬০০০/- টাকা সংগ্রহ করে তার নিকট গেলে তিনি সামান্য ঔষধ দিয়ে অত্যন্ত কর্কশ ভাষা প্রয়োগ করে আরো ৩০০০/= দেয়ার কথা বলেন। উত্তরে আমি কিছু বলার সুযোগ পাইনি। এদিকে আমার অসুখও ভাল হয়নি। এমতাবস্থায় উক্ত ডাক্তার আমার নিকট ৩০০০/- টাকা প্রাপ্য কি-না? জানতে ইচ্ছুক।

উত্তর

বর্ণনা অনুযায়ী কথিত ডাক্তার আপনার নিকট কোন টাকা পাবেন না। কারণ, তার শর্তপূর্ণ হয়নি। বরং রোগ নিরাময় না হওয়ার দরুন আপনি তার কাছ থেকে ৬০০০/- টাকা ফেরত পাবেন। তার নিকট থেকে উক্ত টাকা উদ্ধার করার জন্য যে কোন ন্যায়সঙ্গত পন্থা অবলম্বন করার অধিকার আছে।

উল্লেখ্য যে, গোপন রোগের গ্যারান্টি সহ চিকিৎসার বহুল প্রচলিত প্রতারণার ফাঁদে পা দিয়ে আপনি বড় রকমের অপরিপক্কতার পরিচয় দিয়েছেন । আপনার রোগ সম্পর্কে আধুনিক যুগের চিকিৎসা সম্পর্কে ধারণা রাখেন, এমন কোন বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে পরামর্শ করা উচিত। হতে পারে বাস্তবে সেটা কোন রোগই নয়।

তাছাড়া কোন ডাক্তারের জন্য এভাবে গ্যারান্টিসহ চিকিৎসা করা জায়েযই নয়। কারণ, ডাক্তাররা তো কেবলমাত্র সঠিক রোগ নিরূপন করে সঠিক ঔষধ প্রয়োগ করতে পারেন। এর বেশী কিছু তাদের অধিকারে নেই। অর্থাৎ সঠিক ঔষধ প্রয়োগ করা হলেই রোগ নিরাময় হবে, এমন কোন নিশ্চয়তা দেয়া যায় না। ঔষধের প্রয়োগের পর প্রতিক্রিয়া হওয়া না হওয়া সেটা মহান আল্লাহ রাব্বুল আলামীনের ফায়সালার উপর নির্ভরশীল। তবে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা করানো নবী ﷺ-এর সুন্নাত। তাই সুন্নাত মনে করে ভাল ডাক্তার দ্বারা চিকিৎসা করানো কর্তব্য। কিন্তু ফলাফলের ব্যাপারটি সর্বাবস্থায় আল্লাহপাকের উপর সোপর্দ করতে হবে। (প্রমাণ: সূরা মায়েদা-১)

চুক্তিভিক্তিক গোপন রোগের চিকিৎসা করা | ইসলামী যিন্দেগী