কথা কাটাকাটির সময় এক, দুই, তিন তালাক বলা

মুফতী মনসূরুল হক সাহেব৩ ফেব্রুয়ারি, ২০২৫বিবাহ তালাক

প্রশ্ন

জনৈক ইমাম সাহেবের পুত্র তাঁর স্ত্রীর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে বলে- “এক, দুই, তিন তালাক, যা এখন।” কিছু লোক এ মর্মে বলে যে উক্ত স্ত্রীর উপর তালাক পতিত হয়নি। কারণ স্বামীর নিয়্যত এবং কাকে তালাক দিয়েছে, তা সুনিদির্ষ্ট নয়। তবে অর্ধিক সতর্কতার জন্য তারা পুনরায় বিবাহ পড়ানোর পরামর্শ দেয়। এ নিয়ে এলাকায় বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এখন প্রশ্ন হল- (ক) উক্ত স্ত্রীর উপর তালাক পতিত হয়েছে কি-না? (খ) তালাক হয়ে থাকলে- উক্ত ইমামের পিছনে নামায পড়া যাবে কি-না? (গ) যারা এরকম সিদ্ধান্ত দেয়, তাদের প্রতি শরী‘আতের হুকুম কি? উল্লেখ্য যে, উক্ত ফায়সালা অনুযায়ী স্বামী-স্ত্রী রীতিমত ঘর সংসার করছে এবং ইমাম সাহেবও এতে কোন আপত্তি করছেন না।

উত্তর

(ক) বর্ণনা অনুযায়ী ইমাম সাহেবের ছেলের স্ত্রীর উপর তিন তালাক পড়ে উক্ত স্ত্রী তার জন্য সম্পূর্ণরূপে হারাম হয়ে গিয়েছে। কেননা, স্পষ্টভাবে তালাক শব্দ উচ্চরণের ক্ষেত্রে তালাকের নিয়্যতের আদৌ কোন প্রয়োজন নেই। সেখানে যদিও স্বামী তার স্ত্রীর নাম নেয়নি, তথাপিও তালাক পড়ে গেছে। কারণ স্ত্রীর সাথে কথা কাটাকাটির পর্যায়ে তালাকের কথা বললে, স্ত্রীকেই তালাক দেয়া বুঝায়।

(খ) ইমাম সাহেবের যদি স্বীয় পুত্রের তিন তালাকপ্রাপ্তা স্ত্রীকে নিয়ে ঘর-সংসার করাতে কোন আপত্তি না থাকে তাহলে তিনি ফাসিক বলে গণ্য হবেন। আর ফাসিকের পিছনে নামায পড়া মাকরূহে তাহরীমী। অবশ্য পিতার নিষেধের পরও যদি পুত্র না মানে, তাহলে পিতার উপর অর্থাৎ ইমামের উপর কোন অভিযোগ আসবে না। এবং তার ইমামতি সহীহ হবে।

(গ) যে সমস্ত লোকেরা বলছে তালাকের নিয়্যত না করলে বা কাউকে তালাক দিয়েছে তা সুনির্দিষ্ট না হলে তালাক পতিত হয় না, তারা দীন ও শরী‘আত সস্পর্কে অজ্ঞ। না জেনে সিদ্ধান্ত দেয়া তাদের জন্য অন্যায় হয়েছে। এজন্য তাদের উচিত- নিজেদের ভুল স্বীকার করে তাওবা করে নেয়া।

প্রকাশ থাকে যে, উল্লেখিত ভুল ফয়সালা অনুযায়ী স্বামী-স্ত্রী একত্রে বসবাস করে থাকলে, কাল বিলম্ব না করে এখনই তাদেরকে পৃথক করে দিতে হবে। কেননা, বর্তমানে তাদের দেখা-সাক্ষাৎ, সবই হারাম এবং মেলামেশা যিনা হচ্ছে। সুতরাং, তাদের পৃথক হয়ে যাওয়া জরুরী।

[প্রমাণঃ ফাতওয়া শামী, ২ # ফাতওয়া দারুল উলূম ৯:৪৯-৮০ # হিদায়া, ২:৩৫৯, ২:৩৯৯]

কথা কাটাকাটির সময় এক, দুই, তিন তালাক বলা | ইসলামী যিন্দেগী