কমিউনিটি সেন্টারে বিয়ে খাওয়া

মুফতী মনসূরুল হক সাহেব১৬ জানুয়ারি, ২০২৫বিবাহ তালাক

প্রশ্ন

বিয়েতে আনুষ্ঠানিকতা করা কি? প্রচলিত নিয়ম কমিউনিটি সেন্টারে চেয়ার ও ডাইনিং টেবিলে বসে খাওয়া হয়, এটি জায়িয কিনা?

উত্তর

বিবাহ দ্বীনদার আত্মীয়-স্বজন বা দ্বীনদার লোকদের মজমায় হওয়া সুন্নাত। পরহেজগার ও দ্বীনদার লোকদের যত বড় মজমা হবে বিবাহ ততই বরকত হবে। আর এ মজমা মসজিদে হওয়া আরেকটি সুন্নাত।

বিবাহ উপলক্ষ্যে শরী‘আতের দৃষ্টিতে মেয়ের পিতার উপর বিবাহের অনুষ্ঠান করার কোন দ্বায়িত্ব নেই। বরং সুন্নাহ হচ্ছে স্ত্রীর সাথে সাক্ষাৎ হওয়ার পর স্বামী তার সামর্থ্য অনুসারে আত্মীয়-স্বজন, বন্ধু বান্ধবদেরকে ওলীমা খাওয়াবে। এ ক্ষেত্রে লক্ষণীয় হলো ওলীমা অনুষ্ঠানে যেন শরী‘আত পরিপন্থী কোন কাজ না হয় এবং অতি আড়ম্বর না হয়। কারণ হাদীসে পাকে স্বল্প ব্যায়ের বিবাহকে অতি বরকতপূর্ণ বলা হয়েছে।

আমাদের দেশে বরযাত্রীদের কনের বাড়ীতে গিয়ে খাওয়ানো যে প্রথা প্রচলিত আছে এবং এ ব্যাপারে যে বাধ্যবাধকতা আছে তা সম্পূর্ণ নাজায়িয।

[ফাতওয়া মাহমূদিয়া ৭:৩১৮]

বর্তমানে প্রচলিত নিয়মে কমিউনিটি সেন্টারে ভাড়া করে বিবাহের যে অনুষ্ঠান করা হয় এতে শরী‘আত পরিপন্থী অনেক কাজ সংঘটিত হয়। যেমন, টাকার অপচয়, বেপর্দাভাবে মহিলাদের সমাগম, গান-বাদ্য ইত্যাদি। কমিউনিটি সেন্টারে বিবাহ অনুষ্ঠানের সবচাইতে আপত্তিকর বিষয় হচ্ছে, এতে সাধারণত যশ ও সুখ্যাতি অর্জনের উদ্দেশ্য থাকে, অথচ হাদীস শরীফে এ উদ্দেশ্যে কোন কাজ করার জন্য মারাত্মক শাস্তি হওয়ার কথা উল্লেখ্য আছে। এর আরেকটি জঘন্যতম দিক হচ্ছে, এধরনের অনুষ্ঠানে সাধারণত মানুষকে আল্লাহ তা‘আলার (যিকির) স্বরণ থেকে অমনোযগী করে দেয়। আর যে সকল কাজ যিকরুল্লাহ থেকে অমনযোগী করে দেয়, হাদীস শরীফে সেগুলোকে জুয়া অখ্যা দেয়া হয়েছে। কাজেই এ সকল অনুষ্ঠান মোটেও জায়িয হতে পারে না। (ইসলামী শাদী ২৩১-২৩২)

তবে ওলীমা অনুষ্ঠানের জন্য নিজ বাড়ীতে স্থান সংকুলান না হলে অপারগতার কারণে কমিউনিটি সেন্টারে ওলীমা অনুষ্ঠান করা জায়িয হওয়ার জন্য শর্ত হলো তা উল্লেখিত শরী‘আত পরিপন্থী কোন কাজ সহ অন্য কোন নাজায়িয বিষয় থেকে সম্পূর্ণ মুক্ত হতে হবে।

[সূরা মায়িদা ৯১, লুকমান ১৮, আয়াত ৩১, সুনানে বাইহাকী ৬:১০০, কাশফুল খাফা ২:২২৭, মিশকাত ২:২৫৫, ২৭৮, ২৬৮, ইসলামী শাদী ২৩২, ফাতওয়া মাহমূদিয়া ৭:৩১৮]

কমিউনিটি সেন্টারে বিয়ে খাওয়া | ইসলামী যিন্দেগী