যাকাতের টাকা দিয়ে জমি বন্ধক রাখা
প্রশ্ন
আমার আপন বোনের একটি মেয়ে, দুটি ছেলে নাবালক। তার আর্থিক সচ্ছলতার জন্য যাকাতের টাকা দিয়ে জমি বন্ধক রেখে সেই জমির ফসল বোনকে খেতে দিলাম। এতে আমার যাকাত আদায় হবে কি-না? আর যাকাতের যে টাকা দিয়ে জমিন বন্ধক রাখলাম সেই টাকার যাকাত দিতে হবে কি-না? যদি সেই টাকার যাকাত দিতে হয়, কে দিবে? যে এসব ভোগ করে-সে দিবে, না আমি দিব?
উত্তর
যাকাত আদায়ের জন্য শর্ত হলো, গরীব-মিসকীনকে কোন বিনিময় ছাড়া যাকাতের টাকার মালিক বানিয়ে দেয়া, আর বন্ধক রেখে তার ফসল বোনকে খেতে দেওয়ার দ্বাড়া আপনার যাকাত আদায় হবে না। সুতরাং এখন আপনার কর্তব্য হলো, জমি বন্ধক রাখা টাকা উঠিয়ে আপনার বোনকে বা যে কোন গরীবকে মালিক বানিয়ে দেয়া আর এ টাকার মধ্যে ভিন্নভাবে কারো উপর যাকাত ওয়াজিব হবে না।
উল্লেখ, টাকা দিয়ে জমি বন্ধক রেখে উক্ত জমি ভোগ করা সুদ এবং হারাম। তাই আপনি জমি বন্ধক না রেখে, আপনি যাকাতের টাকা দিয়ে জমি কিনে আপনার বোনকে দিতে পারেন এবং সে সময় যাকাতদাতা বা যাকাত গ্রহিতা কারও উপর সে জমি মূল্যের উপর যাকাত ওয়াজিব হবে না।
[প্রমাণঃ ফাতওয়া শামী, ২:২৫৭]