বিবাহের উপঢৌকনের মালিক কে হবে?
প্রশ্ন
বর যাত্রা ও বৌ-ভাত অনুষ্ঠানে আমন্ত্রিত মেহমানগণ যে উপঢৌকন প্রদান করে থাকেন এর প্রকৃত মালিক কে? বর না কনে? না তারা উভয়ে? তেমনিভাবে বিবাহ কার্য সম্পন্ন হওয়ার সময় বর্তমানে পিতার বাড়িতে খাওয়া-দাওয়ার অনুষ্ঠান হয় এবং এতে অংশগ্রহণকারী মেহমানগণ বর বা কনের না, লিখে উপঢৌকন দিয়ে থাকেন এর মালিক কে হবে?
উত্তর
বিবাহ অনুষ্ঠানে যে সব উপঢৌকন বা উপহার সামগ্রী উঠে থাকে, সেগুলোর মধ্য থেকে যদি কোনটি সম্পর্কে স্পষ্টভাবে জানা যায় যে, উপঢৌকন প্রদানকারী সন্তুষ্টিচিত্তে তা প্রদান করেনি। বরং সামাজিক চাপে পড়ে অথবা চক্ষু লজ্জায় পড়ে সেটা দিয়েছে, (উল্লেখ্য যে, বর্তমানে সাধারণতঃ এরূপই হয়ে থাকে।) তাহলে উক্ত উপহার সামাগ্রী মালিককে ফেরত দিতে হবে। কেননা, অন্যের সম্পদ তার আন্তরিক সন্তুষ্টি ব্যতিরেকে গ্রহণ করা শরী‘আতের দৃষ্টিতে জায়েয নয়। আর যদি সন্তুষ্টচিত্তে উপহার সামগ্রী প্রদান করে এবং তাতে এমন কোন চিহ্ন বা নিদর্শন থাকে, যার দ্বারা এর মালিক সম্পর্কে ধারণা পাওয়া যায় তাহলে সে-ই এ উপহার সামগ্রীর মালিক হবে। যেমন উপহার সামগ্রীতে যদি বর কা কনের নাম লেখা থাকে, তাহলে যার নাম লেখা থাকবে, সেই মালিক হবে। আর যদি কারো নাম লেখা না থাকে, তাহলে উপহার দাতাকে জিজ্ঞাসা করে নিতে হবে যে, তিনি এ উপহার সামগ্রী কাকে দিয়েছেন? যদি উপহার সামগ্রী প্রদানকারী সস্পর্কে জানা না যায়, তাহলে উভয়ে উক্ত উপহার সামগ্রীর মালিক হবে।
উল্লেখ্য যে, বর্তমানে এ ধরনের অনুষ্ঠানে যেভাবে উপঢৌকন দেয়া হয় তা শরী‘আতের দৃষ্টিতে খুবই আপত্তিকর।সুতরাং দীনদার লোকদের এ ধরনের লেন-দেন থেকে সম্পূর্ণরূপে দূরে থাকা উচিত। তাছাড়া বর্তমানে সেভাবে বরের কাছে বহু সংখ্যক লোকজন জড়ো করে মেয়ের বাবার বাড়ীতে যাওয়ার মধ্যে শরীক হয়, বুযুর্গানে দীন এটাকে ডাকাতি বলে আখ্যায়িত করেছেন। কাজেই এর থেকে পরহেয করা জরুরী। (কিতাবুল ইমান পৃঃ১০৯) [প্রমাণঃ সূরা বাকারাঃ ১৮৮ # রাদ্দুল মুহতার, ৪:২৮২# ফাতাওয়ায়ে হিনদিয়্যাহ্, ৩:৩৮৩ # ইসলামী শাদী ২০৬]