কড পদ্ধতিতে জমি লেন-দেন

মুফতী মনসূরুল হক সাহেব১২ আগস্ট, ২০২৫লেনদেন কামাই রোজগার

প্রশ্ন

কডে জমি লেন-দেন জায়েয কি-না? কত বলতে আমাদের দেশের সাধারণত নিম্নোক্ত রূপটিকেই বুঝানো হয়ে থাকে। যেমন, কোন ব্যক্তি দশ হাজার টাকার পরিবর্তে এক বিঘা জমি কাউকে এই শর্তে ভোগ করতে দেয় যে প্রতি বছর ১০০/২০০ টাকা কর্তন করা হবে। তারপর যখন অবশিষ্ট টাকা পরিশোধ করা হবে তখন জমি ফেরত দেয়া হবে। এভাবে পাঁচ বছর ভোগ করার পর মূল টাকা থেকে ১০০০ টাকা কম ফেরত দিলে সে পুনরায় উক্ত জমি ফেরত পাবে।

উত্তর

কড- আঞ্চলিক শব্দ। সাধারণতঃ এর দ্বারা আরবী ইজারাকেই বুঝানো হয়ে থাকে। শরী‘আত সম্মত পন্থায় যদি কডে অর্থাৎ ভাড়ায় জমি লেন-দেন হয়ে থাকে তাহলে তা জায়েয হবে। তবে আপনি যে পন্থার কথা উল্লেখ করেছেন তা বৈধ তখনই বৈধ হবে, যখন কর্তনকৃত টাকার পরিমাণ জমির প্রকৃত ভাড়ার চেয়ে কম না হবে। প্রচলিত বাজার দর হিসেবে সাধারণতঃ একটা জমির বাৎসরিক যে ভাড়া হতে পারে সেই পরিমাণ টাকা প্রত্যেক বছর কর্তিত হতে হবে, তাহলে সে লেন-দেন জায়েয হবে। তা না করে তার পরিবর্তে নাম মাত্র ভাড়া হিসেবে বৎসরে দেড়-দু’শ টাকা কর্তন করা হলেই উল্লেখিত মু‘আমালা দুরস্ত হবে না। বরং এ ক্ষেত্রে ঋণের বিনিময়ে সুবিধা গ্রহণ করার দরুণ তা সুদী লেন-দেনের মধ্যে শামিল হবে। (প্রমাণঃ শামী ৬:৪৮২ #কানযুল উম্মাল ৬:১২৪ #ইমদাদুল ফাতাওয়া ৩:৪৫৪)

কড পদ্ধতিতে জমি লেন-দেন | ইসলামী যিন্দেগী