অবৈধ টাকায় নির্মিত মসজিদের হুকুম
প্রশ্ন
অবৈধ (সুদ, ঘুষ ) টাকার দ্বারা নির্মিত মসজিদে নামায পড়া জায়িয হবে কিনা? যদি কোন ব্যক্তি উক্ত মসজিদে নামায পড়ে বাড়ির বা অন্য কোথাও নামায পড়ে, তবে কি সে জামা‘আত তরক করার ব্যাপারে হাদীসে যে ধমকি এসেছে, তার আওতায় পড়বে?
উত্তর
ওয়াকফকৃত স্থানে কারো অবৈধ টাকায় নির্মিত মসজিদে নামায পড়া মাকরূহ তাহরীমী। তবে মাকরূহ থেকে বাঁচার জন্য মহল্লাবাসীদের কর্তব্য- অবৈধ টাকা দানকারীকে তার প্রদত্ত পরিমাণ টাকা ফেরত দেয়া। তখন আর উক্ত মসজিদে নামায পড়া মাকরূহ হবে না। উল্লেখ্য যে উক্ত মসজিদে মাকরূহ থেকে বাঁচার জন্য উল্লেখিত ব্যবস্থা বাস্তবায়িত হওয়ার আগে পর্যন্ত পার্শ্ববর্তী অন্য কোন মসজিদে জামা‘আতে শরীক হয়ে নামায পড়তে থাকবে। কিন্তু যদি অন্য কোন মসজিদ না থাকে, তাহলে উক্ত অবৈধ টাকায় নির্মিত মসজিদেই জামা‘আতে শরীক হয়ে নামায পড়তে থাকবে। জামা‘আত তরক করা যাবে না। এমন ক্ষেত্রেও জামা‘আত তরক করে ঘরে নামায পড়লে, হাদীসের ধমকির আওয়াতাভুক্ত হবে। [প্রমাণঃ ফাতাওয়া দারুল উলূম ৬১২; কিফায়াতুল মুফতী ৭:৬৩; ফাতাওয়া রশীদিয়া ৫২৭; ফাতাওয়া রাহমানিয়া ৬:৯৯; ফাতাওয়া শামী ১: ৬৮৫]