অন্যান্য সন্তানাদীর চেয়ে একজনকে বেশী সম্পদ দেয়া

মুফতী মনসূরুল হক সাহেব১৪ আগস্ট, ২০২৫সামাজিকতা আচার ব্যবহার ও রাজনীতি

প্রশ্ন

পঙ্গুত্ব বা উপার্জনের সামর্থ্যের অভাব বা স্বল্পতার কারণে কোন সন্তানকে পিতা-মাতার পক্ষ থেকে তার নির্ধারিত অংশের চেয়ে অন্যান্য সন্তানদের সম্মতিক্রমে বা সম্মতি ছাড়াই বেশী সম্পত্তি দেয়া যাবে কি না?

উত্তর

শরী‘আত সমর্থিত কারণ থাকলে, সম্পদ বন্টনের সময় পিতা-মাতা সন্তানদের মধ্যে বেশ-কম করতে পারে। প্রশ্ন উল্লেখিত সুরতে যেহেতু সন্তান পঙ্গূ বা উপার্জনের অক্ষম, তাই পিতা বা মাতার জন্য ঐ পঙ্গু রা মাযূর সন্তানকে, অন্যদের অংশের চেয়ে বেশী সম্পত্তি দেওয়া জায়িয হবে। এতে চাই অন্যান্য সন্তানদের সম্মতি থাক বা না থাক। কিন্তু যদি শরয়ী কোন কারণ না থাকে, পঙ্গু বা মাযূর না থাকে, তাহলে সন্তানদের মধ্যে সম্পদ বন্টন করতে গিয়ে কম-বেশী করা পিতা-মাতার জন্য জায়িয হবে না। বরং, ছেলে মেয়ে সকলকে সমান দেয়া কর্তব্য। কারণ এটা মীরাস নয় বরং হেবা। কাজেই ছেলে-মেয়েদের অংশ বরাবর হবে। এ সম্পর্কে একটি হাদীসের সারমর্ম হল, কিছু লোক সারা জীবন আল্লাহ তা‘আলার ইবাদতের মধ্যে মাশগুল থাকে, কিন্তু মৃত্যুর সময় ওয়ারিশদেরকে ক্ষতিগ্রস্ত করে অর্থাৎ কাউকে কম কাউকে বেশী দেয় এমন ব্যক্তিকে আল্লাহু তা‘আলা জাহান্নামে প্রবেশ করাবেন। অন্য এক হাদীসে আছে, যে ব্যক্তি স্বীয় ওয়ারিশদেরকে মাহরূম করবে, মহান আলাহ তা‘আলা তাকে জান্নাত থেকে বঞ্চিত করবেন। [প্রমাণঃ ফাতাওয়া রাহীমিয়া ২:২৫৯, #ইমদাদুল ফাতাওয়া ৩:৪৪, #মুফিদুল ওয়ারিসিন ১২, #দুররে মুখতার ৫:৬৯৬]

অন্যান্য সন্তানাদীর চেয়ে একজনকে বেশী সম্পদ দেয়া | ইসলামী যিন্দেগী