Masail
100%

ইসলামী আকীদা বিরোধী ২০টি বিষয়

Question

ইসলামী আকীদা বিরোধী যে সকল বিষয় রয়েছে তা জানতে আগ্রহী।

Answer

আমাদের সমাজে লোকমুখে এমন অনেক কথা চালু আছে যা গুরুত্ব সহকারে বিশ্বাস করা হয় ও পালন করা হয়। অথচ কুরআন হাদীসে যদি তার সম্পর্কে কোন আলোচনা না থাকে তাহলে সেগুলিকে বিশ্বাস করা ঈমানের জন্য ক্ষতিকর। আমরা নমুনা স্বরূপ এখানে মাত্র কয়েকটা তুলে ধরছি।

১। হাতের তালু চুলকালে টাকা পয়সা আসবে বলে মনে করা।

২। চোখ লাফালে বিপদ আসবে মনে করা।

৩। কুকুর কান্নাকাটি করলে রোগ বা মহামারী আসবে মনে করা।

৪। এক চিরুনী দিয়ে দুজনে চুল আঁচড়ালে তাদের পরস্পরে ঝগড়া হবে বলে বিশ্বাস করা।

৫। কোন বিশেষ পাখি ডাকলে মেহমান আসবে মনে করা।

৬। যাত্রাপথে পেছন থেকে কেউ ডাকলে যাত্রা খারাপ হবে মনে করা।

৭। যাত্রাপথে হোঁচট খেলে বা মেথর দেখলে কিংবা ধোপা দেখলে তাকে কুলক্ষণ হিসেবে নেয়া। অশুভ দিন, যাত্রা নাস্তি, অশুভ দিন ভ্রমন নাস্তি ইত্যাদি বিশ্বাস করা।

৮। যাত্রার মুহূর্তে কেউ তার সামনে হাঁচি দিলে কাজ হবে না এমন বিশ্বাস পোষণ করা।

৯। পেঁচা ডাকলে ঘরবাড়ি বিরান হয়ে যাবে মনে করা।

১০। জিহবায় কামড় লাগলে কেউ তাকে স্বরণ করছে বা গালি দিচ্ছে মনে করা।

১১। চড়ুই পাখিকে পানিতে গোসল করতে দেখলে বৃষ্টি হবে মনে করা।

১২। দোকান খোলার পর প্রথমেই বাকি দিলে সারাদিন বাকি বা ফাঁকি যাবে মনে করা।

১৩। কোন লোকের আলোচনা চলছে, এই ফাঁকে বা এর কিছুক্ষণ পরে সে এসে পড়লে এটাকে তার দীর্ঘজীবী হওয়ার লক্ষণ মনে করা। যেমন, আমরা বলে থাকি আপনি অনেক দিন বাঁচবেন। এইমাত্র আপনার কথা বলাবলি হচ্ছিল। এ ধরনের কথা বলা জায়েয নেই।

১৪। কোন ঘরে মাকড়সার জাল বেশী হলে সেই ঘরের মালিক ঋণগ্রস্ত হয়ে পড়বে মনে করা।

১৫। আসরের পর ঘর ঝাড়ু দেয়াকে খারাপ মনে করা।

১৬। ঝাড়ু দ্বারা বিছানা পরিস্কার করলে ঘর উজাড় হয়ে যাবে মনে করা।

১৭। কোন বাড়িতে বাচ্চা মারা গেলে সেই বাড়িতে গেলে নিজের বাচ্চা মারা যাবে এমন আকীদা রাখা।

১৮। ঝাড়ুর আঘাত লাগলে শরীর শুকিয়ে যাবে মনে করা।

১৯। কোন প্রাণী বা প্রাণীর ডাককে অশুভ বা অশুভ লক্ষণ মনে করা।

২০। মৃত ব্যক্তির ব্যবহৃত কাপড়- চোপড়কে দোষণীয় মনে করা।

হাকীমূল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানবী রহ. রচিত আগলাতুল আওয়াম ও ইসলাহুর রুসুম নামক বই দুটিতে এ ধরনের আরো অগণিত বিষয় তুলে ধরা হয়েছে যাতে আমরা রাত দিন লিপ্ত রয়েছি। তাই সম্ভব হলে বই দুটি সংগ্রহ করে নেয়ার অনুরোধ রইল।