কোন রোগ ছোঁয়াচে নয়
Question
কোন রোগ ছোঁয়াচে নয় প্রসঙ্গে যে কথা প্রচলিত আছে তা কি বিশ্বাসযোগ্য?
Answer
জনসমাজে ছোঁয়াচে রোগ বা সংক্রামক ব্যাধি সম্মন্ধে যে ধারণা রয়েছে সে সম্পর্কে ইসলামের আকীদা হল, কোন রোগের মধ্যে সংক্রমণের নিজস্ব কোন ক্ষমতা নেই। তাই দেখা যায় তথাকথিত সংক্রামক ব্যাধিতে আক্রান্ত লোকের কাছে যাওয়ার পরও অনেকে আক্রান্ত হয় না। তাছাড়া ডাক্তাররা তাদের সেবায় নিয়োজিত থেকেও তাদের অনেকের রোগ হয় না। আবার অনেকে না গিয়েও আক্রান্ত হয়ে যায়। তাই এ বিষয়ে সহীহ আকীদা হল, রোগের মাঝে সংক্রমণ বা অন্যের মধ্যে বিস্তৃত হওয়ার নিজস্ব কোন ক্ষমতা নেই। কেউ অনুরূপ রোগির কাছে গেলে যদি তার আক্রান্ত হওয়ার ব্যাপারে আল্লাহর ফায়সালা হয়, তাহলেই শুধুমাত্র সে আক্রান্ত হবে। অন্যথায় নয়। অথবা এরূপ আকীদা রাখতে হবে যে, আল্লাহ তা‘আলা এসব রোগের মধ্যে স্বাভাবিক ভাবে সংক্রমণের এই নিয়ম রেখে দিয়েছেন। তবে আল্লাহ পাক ইচ্ছা করলে সংক্রমণ নাও ঘটতে পারে। অর্থাৎ সংক্রমণের এই ক্ষমতা রোগের নিজস্ব ক্ষমতা নয় এর পিছনে আল্লাহর দেয়া ক্ষমতা এবং তার ইচ্ছার দখল থাকে।
তবে ইসলাম প্রচলিত এসব সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তির নিকট যেতে নিষেধ করেছে, বিশেষভাবে কুষ্ট রোগীর নিকট। তার কারণ এই যে, উক্ত রোগীর সংস্পর্শে গেলে এবং তার উক্ত রোগে আক্রান্ত হওয়ার খোদায়ী ফায়সালা থাকলে তার মনে এই ধারণা জন্মাতে পারে যে, উক্ত রোগীর সংস্পর্শে যাওয়ার কারণেই সে আক্রান্ত হয়েছে। এভাবে তার আকীদা নষ্ট হয়ে যেতে পারে। এর থেকে বাঁচানোর জন্য ইসলামের এই নির্দেশ। তবে কেউ যদি মজবুত আকীদার অধিকারী হয় তাহলে তার জন্য উক্ত রোগীর নিকট যাওয়ার অনুমতি আছে। অনুরূপভাবে সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তিকেও সুস্থ এলাকার লোকদের নিকট যেতে নিষেধ করা হয়েছে। যাতে তা অন্য কারো আকীদা নষ্টের কারণ না হয়।